Licha Bora Viral Video: রিসোর্টে মন্ত্রীর পার্টির জন্য মেয়ে সরবরাহের প্রস্তাব, ৮০ হাজার টাকার টোপ! বিস্ফোরক অসমের মডেল লিচা
তরুণী ও মডেলদের জোগান দিতে লোভনীয় আর্থিক প্রস্তাব দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অসমের বিশিষ্ট মডেল লিচা বোড়া (Licha Bora)। তাঁর দাবি, এই প্রস্তাবের পেছনে রাজ্য সরকারের একজন বর্তমান মন্ত্রী এবং দীর্ঘদিনের বিধায়কের নাম ভাঙানো হয়েছে।
Licha Bora Viral Video: অসমের গ্ল্যামার জগতে তোলপাড়! সোনাপুরের একটি নামী রিসোর্টে আয়োজিত পার্টির জন্য তরুণী ও মডেলদের জোগান দিতে লোভনীয় আর্থিক প্রস্তাব দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অসমের বিশিষ্ট মডেল লিচা বোড়া (Licha Bora)। তাঁর দাবি, এই প্রস্তাবের পেছনে রাজ্য সরকারের একজন বর্তমান মন্ত্রী এবং দীর্ঘদিনের বিধায়ক রয়েছেন। নতুন ও উঠতি মডেলদের সুরক্ষার স্বার্থে এবং তাঁদের সতর্ক করতে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বিস্ফোরক সব তথ্য সামনে এনেছেন তিনি।
৮০ হাজার টাকার টোপ ও সন্দেহজনক ফোনকল
ঘটনার সূত্রপাত একটি ফোনকলকে কেন্দ্র করে। লিচা বোড়া জানান, অচেনা এক ব্যক্তি ফোন করে তাঁকে সোনাপুরের এক বিখ্যাত রিসোর্টে আয়োজিত একটি পার্টির জন্য কিছু তরুণীর ব্যবস্থা করতে বলে। শর্ত ছিল—যেসব তরুণী "নাচতে এবং মদ্যপান করতে পারদর্শী", তাঁদেরই পাঠানো যাবে।
দেখুন ভিডিও
মডেল লিচা বোড়া পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "আমার কাছে ফোন করে জানতে চাওয়া হয় এমন কোনো মেয়ে আছে কি না, যারা নাচতে পারে এবং ড্রিঙ্ক করতে পারে। আমি যখন জানতে চাই কেন তাদের প্রয়োজন, তখন বলা হয় সোনাপুরের অত্যন্ত জনপ্রিয় একটি রিসোর্টে পার্টির আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, কেবল নাচার জন্যই ওই ফোনকর্তা ৮০,০০০ টাকার মোটা অঙ্ক দেওয়ার কথা বলে, যা শুনেই লিচার মনে সন্দেহের উদ্রেক হয়। "তারা বলল শুধু নাচার জন্যই ৮০,০০০ টাকা দেবে। তখনই আমার খটকা লাগে, শুধু নাচার জন্য এত টাকা কে দেবে?"*
লিচা সরাসরি তাঁদের কাছে জানতে চান যে এটি কোনো অবৈধ বা যৌন চক্রের অংশ কি না। তবে অপর প্রান্ত থেকে বলা হয়, *"না, এমন কিছু নয়। আমরা কেবল আমাদের সাথে নাচ গান করার এবং মদ্যপান করার জন্য মডেল চাই।"
বর্তমান মন্ত্রীর নাম জড়ানো ও পুলিশের পরামর্শ
যদিও লিচা বোড়া নিরাপত্তাজনিত কারণে প্রকাশ্যে কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে অভিযুক্তরা অসমে দীর্ঘদিন ধরে নির্বাচিত এক বিধায়ক, যিনি বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রিত্ব সামলাচ্ছেন, তাঁর নাম ব্যবহার করেছে। নিজের সুরক্ষার কথা ভেবে ভীতি প্রকাশ করে লিচা বলেন, "আমি কারও নাম নিতে পারব না, তাঁরা অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব। নাম বললে আমি বিপদে পড়তে পারি। তবে আমি যা বলছি তা শতভাগ সত্যি। উনি দীর্ঘদিনের বিধায়ক এবং বর্তমানে মন্ত্রী পদে রয়েছেন।"
ঘটনার পর লিচা বোড়া অসম পুলিশের এক পরিচিত কর্মকর্তার সাথে পরামর্শ করেন। ওই পুলিশ কর্মকর্তা তাঁকে এই বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেন। তবে তিনি এটাও জানান যে, প্রভাবশালী ওই নেতার নাম ব্যবহার করে অন্য কোনো চক্র বা মধ্যস্বত্বভোগীরা এ ধরনের অসাধু কাজ চালাতে পারে—যার খবর হয়তো সংশ্লিষ্ট মন্ত্রী নিজেও জানেন না। লিচার কথায়, "পুলিশের এক বন্ধু আমাকে বলেন, উনি যখন সোনাপুরে কর্মরত ছিলেন তখন এই ধরনের গুঞ্জন শুনেছিলেন। তবে উনি আমাকে এই ঝামেলা থেকে দূরে থাকতে বলেন এবং জানান যে, হয়তো কোনো চক্র মন্ত্রীর নাম অপব্যবহার করছে।"
নতুন মডেলদের সতর্কবার্তা
গ্ল্যামার ওয়ার্ল্ডে আসা নতুন ও উঠতি মডেলদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন লিচা। তিনি মনে করেন, কাজের চাহিদা এবং অর্থের প্রলোভনে পড়ে অনেক নতুন মেয়ে এই ধরনের ফাদে পা দিতে পারে। "ইন্ডাস্ট্রিতে অনেক নতুন মেয়ে আসে যাদের কাজ ও টাকার ভীষণ প্রয়োজন। কেবল 'নাচ গান' করার কথা শুনে উচ্চ পারিশ্রমিকের লোভে তারা এই ফাঁদে পা দিয়ে শোষণের শিকার হতে পারে,"— গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন লিচা বোড়া। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই আঞ্চলিক বিনোদন জগৎ ও গ্ল্যামার ইন্ডাস্ট্রির নিরাপত্তা এবং নতুনদের সুরক্ষার বিষয়টি নতুন করে চর্চায় উঠে এসেছে।