আধার নিয়ে বড় আপডেট! ৫ নতুন উদ্যোগ UIDAI-এর, এল ফেস অথেন্টিকেশন থেকে নতুন পোর্টাল
আধার পরিষেবাকে আরও সহজ, নিরাপদ এবং নাগরিকবান্ধব করে তুলতে পাঁচটি নতুন উদ্যোগের ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
Aadhaar New Updates 2026: আধার পরিষেবাকে আরও সহজ, নিরাপদ এবং নাগরিকবান্ধব করে তুলতে পাঁচটি নতুন উদ্যোগের ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ২৯ সেপ্টেম্বর কলকাতায় আয়োজিত ‘আধার সংবাদ’-এ এই উদ্যোগগুলির কথা ঘোষণা করা হয়। আধার দিবসের ১৭তম বর্ষপূর্তির সঙ্গে মিলিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ৬০০-র বেশি নীতিনির্ধারক, শিল্পকর্তা, প্রযুক্তিবিদ ও পেশাদার উপস্থিত ছিলেন।
UIDAI-এর ঘোষিত পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্যোগ কী কী?
1) রেশন ব্যবস্থায় ফেস অথেন্টিকেশন
ইলেকট্রনিক পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ePDS-এ ফেস অথেন্টিকেশন চালু করা হয়েছে। UIDAI, খাদ্য ও গণবণ্টন দফতর এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC) যৌথভাবে এই পরিষেবা চালু করেছে। সম্মতিভিত্তিক এবং কন্ট্যাক্টলেস এই পদ্ধতিতে মুখের মাধ্যমে আধার যাচাই করা যাবে। বিশেষ করে যাঁদের ক্ষেত্রে আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশনে সমস্যা হয়, তাঁদের জন্য এটি অতিরিক্ত একটি বিকল্প হতে পারে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেদের ePDS ব্যবস্থার সঙ্গে এই প্রযুক্তি যুক্ত করতে পারবে।
2) SWIK Portal 2.0
আধার অথেন্টিকেশন ব্যবহারের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে চালু হয়েছে SWIK Portal 2.0। আধার অথেন্টিকেশন ফর গুড গভর্ন্যান্স কাঠামোর আওতায় অনুমোদিত ব্যবহারের জন্য যোগ্য বেসরকারি সংস্থাগুলি এই পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরে সরাসরি প্রস্তাব জমা দিতে পারবে।
3) Sub-AUA/Sub-KUA (LITE) Framework
কম সংখ্যক অথেন্টিকেশন প্রয়োজন এমন সরকারি এবং যোগ্য বেসরকারি সংস্থাগুলির জন্য নতুন Sub-AUA/Sub-KUA (LITE) Framework আনা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নিজেদের আলাদা অথেন্টিকেশন পরিকাঠামো তৈরি করতে হবে না। কোনও বিদ্যমান AUA/KUA-এর পরিকাঠামো ব্যবহার করেই আধার অথেন্টিকেশন পরিষেবায় যুক্ত হওয়া যাবে। UIDAI-এর দাবি, এতে সংস্থাগুলির অনবোর্ডিং আরও সহজ ও দ্রুত হবে।
4) নতুন Token Management System
নাগরিকদের UIDAI-এর রাজ্য ও আঞ্চলিক অফিসে পরিষেবা নিতে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে চালু হয়েছে নতুন Token Management System। প্রয়োজন অনুযায়ী অফিসে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা ব্যবহার করা যাবে।
5) নতুন রূপে UIDAI ওয়েবসাইট
UIDAI-এর ওয়েবসাইটেও বড় পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ নতুন ওয়েবসাইটটির উদ্বোধন করেন।
UIDAI জানিয়েছে, সাধারণত নাগরিকরা চারটি কারণে ওয়েবসাইটে যান, আধার সম্পর্কে তথ্য জানতে, কোনও পরিষেবা নিতে, প্রয়োজনীয় নথি খুঁজতে অথবা সাহায্য পেতে। নতুন ওয়েবসাইটে এই বিষয়গুলিকে আরও সহজ ও স্পষ্ট কাঠামোয় সাজানো হয়েছে।
ওয়েবসাইটে রয়েছে স্ক্রিন-রিডার সাপোর্ট, ফন্টের আকার পরিবর্তনের সুবিধা, উন্নত কালার কনট্রাস্ট এবং কিবোর্ড নেভিগেশন-সহ বিভিন্ন accessibility feature।
BHASHINI সংযুক্তির ফলে বর্তমানে ওয়েবসাইটটি ইংরেজি ও হিন্দি-সহ ১৩টি ভাষায় পাওয়া যাচ্ছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে ২৩টি ভাষা করার পরিকল্পনা রয়েছে UIDAI-এর। এছাড়াও নতুন ওয়েবসাইটে UIDAI Career Portal চালু হয়েছে। এর মাধ্যমে deputation-এর সুযোগের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
আধার নিয়ে কী বলল UIDAI?
কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের বক্তব্য, ভারতের উন্নয়নের ক্ষেত্রে আধার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিষেবা প্রদান, আর্থিক অন্তর্ভুক্তি এবং সরকারি সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও আধারের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। UIDAI-এর CEO সৌরভ বিজয় জানিয়েছেন, নাগরিকদের প্রয়োজনকে কেন্দ্র করেই নতুন উদ্যোগগুলি নেওয়া হয়েছে। প্রযুক্তির পরিবর্তন, পরিষেবা প্রদানের নতুন পদ্ধতি, গোপনীয়তা ও নিরাপত্তার মতো বিষয়গুলির সঙ্গে তাল মিলিয়ে আধার পরিষেবাকে আরও সহজ করার লক্ষ্যেই এই পরিবর্তনগুলি আনা হয়েছে।
ফলে নতুন পাঁচ উদ্যোগের মূল লক্ষ্য হল, আধার যাচাইয়ের বিকল্প বাড়ানো, UIDAI-এর পরিষেবা ব্যবহারের পথ সহজ করা, যোগ্য সংস্থাগুলিকে আধার অথেন্টিকেশন ব্যবস্থায় যুক্ত করা এবং নাগরিকদের জন্য আরও accessible ডিজিটাল পরিষেবা তৈরি করা।