Ibrahim Ali Khan and Karan Johar: করণের হাত ধরে ইন্ডাস্ট্রিতে ইব্রাহিমের অভিষেক, গুঞ্জনে সিলমোহর প্রযোজকের
বেশ কিছু দিন ধরেই ভক্তমহলে গুঞ্জন ছড়িয়েছিল করণের হাত ধরে ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে সইফ পুত্রের। সেই গুঞ্জনে এবার সিলমোহর দিলেন খোদ পরিচালক তথা প্রযোজক।
করণ জোহারের (Karan Johar) হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন আরও এক তারকা সন্তান। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, অনন্যা পান্ডের মত অনেক 'স্টার কিড'কে লঞ্চ করেছেন করণ। নেপোটিজম বা স্বজনপোষণের তীরে বিদ্ধ করণ আরও এক তারকা সন্তানকে ইন্ডাস্ট্রিতে আনতে চলেছেন। প্রযোজকের ধর্মা প্রযোজনা সংস্থার হাত ধরে বড় পর্দায় আসতে চলেছেন সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)।
বেশ কিছু দিন ধরেই ভক্তমহলে গুঞ্জন ছড়িয়েছিল করণের হাত ধরে ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে সইফ পুত্রের। সেই গুঞ্জনে এবার সিলমোহর দিলেন খোদ পরিচালক তথা প্রযোজক। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ইব্রাহিমের ফটোশুটের কিছু ছবি শেয়ার করে করণ জানান, 'আমরা প্রতিভার এক নতুন ঢেউয়ের জন্য পথ তৈরি করছি। সারা বিশ্বের কাছে তা তুলে ধরার জন্যে আমি উদগ্রীব। ইব্রাহিম আলি খান শীঘ্রই আপনাদের হৃদয়ে এবং পর্দায় পা রাখতে চলেছেন। আমাদের সঙ্গে থাকুন'।
করণের ছবিতে ইব্রাহিমঃ
জানা যাচ্ছে, করণ প্রযোজিত 'সারজমিন' নামে একটি ছবিতে দেখা যাবে ইব্রাহিম আলি খানকে। ছবিতে আরও থাকবেন কাজল, দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran)। তবে নির্মাতাদের তরফে ছবি সম্পর্কে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।