Actress Ananya Raj Passes Away: মাত্র ২৭ বয়সেই প্রয়াত বলিউড অভিনেত্রী অনন্যা রাজের, কোন কোন ছবিতে অভিনয় করেন
মাত্র ২৭ বছর বয়সে প্রয়াত হলেন '৭ আওয়ার্স টু গো', 'দ্য ফাইনাল এক্সিট' এবং 'গোস্ট' খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক কষ্টে ভোগার পর ১৫ জুলাই রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Actress Ananya Raj Passes Away: মাত্র ২৭ বছর বয়সে প্রয়াত হলেন '৭ আওয়ার্স টু গো', 'দ্য ফাইনাল এক্সিট' এবং 'গোস্ট' খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক কষ্টে ভোগার পর ১৫ জুলাই রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করা হয়েছে।
অনন্যা রাজের প্রয়াণে পরিবারের আবেগঘন বার্তা
অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করে তাঁর পরিবারের সদস্যরা এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
শোকবার্তা পরিবারের
বার্তায় পরিবার লেখে, "আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ১৫ জুলাই গভীর রাতে অনন্যা আমাদের ছেড়ে চলে গিয়েছে। ঘুমের মধ্যেই শান্তিতে সে বিদায় নিয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক কষ্টে ভুগছিল এবং একজন যোদ্ধার মতো তার সাথে লড়াই করেছে।"পোস্টে আরও বলা হয়, "সে ছিল এক স্বাধীনচেতা ও শক্তিশালী মেয়ে, যে রানীর মতো জীবনযাপন করেছে। তোকে আমরা প্রতি মুহূর্তে মিস করব। আমরা সকলকে অনুরোধ করছি তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে।"
কে ছিলেন এই অনন্যা রাজ?
মুম্বাইতে বড় হয়ে ওঠা অনন্যা রাজ ভারতীয় হিন্দি ও আঞ্চলিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে পরিচিতি তৈরি করেছিলেন। অভিনয় জীবনের শুরুতে ছোটখাটো চরিত্র ও মিউজিক ভিডিওর মাধ্যমে গ্ল্যামার জগতে আত্মপ্রকাশ করেন তিনি।
বলিউড সফর
২০১৬ সালে '৭ আওয়ার্স টু গো' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা। এরপর ২০১৭ সালে 'দ্য ফাইনাল এক্সিট' এবং ২০১৯ সালে বিক্রম ভাট নির্দেশিত 'গোস্ট' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। ছবির পাশাপাশি টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো দেশের শীর্ষস্থানীয় মিউজিক লেবেলের বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন তিনি।
আঞ্চলিক ভাষার ছবিতে কাজ
শুধু বলিউডই নয়, দক্ষিণ ভারতীয় ছবিতেও নিজের ছাপ রেখে গেছেন অনন্যা। শ্রীনিবাস রাজু পরিচালিত ২০২২ সালের তেলুগু সাসপেন্স থ্রিলার 'থাগগেদে লে'-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও রবি শঙ্করের মতো তারকাদের সাথে অভিনয় করেন তিনি। এছাড়া অজয় অ্যান্ড্রুজ নুথাক্কির ট্রাইলিঙ্গুয়াল (তিন ভাষার) অ্যাকশন ড্রামা 'মাদ্রাজ গ্যাং'-এ মুম্বাইয়ের বস্তির মেয়ে সরিতার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়, যেখানে তাঁর সাথে অভিনয় করেছিলেন আশমিত প্যাটেল ও অধ্যয়ন সুমন।
শোকের ছায়া
তরুণ এই অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।