Villagers Protest By Locking Up Block Development Officer: রাস্তার দাবিতে বিডিওকে তালাবন্দী গ্রামবাসীদের, ভিডিও শেয়ার করে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (দেখুন ভিডিও)
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে গিয়ে এবার তালাবন্দি হয়ে থাকতে হল খোদ বিডিও-কেই। এই ঘটনা এখন সমাজ মাধ্যম রীতিমতো চর্চায়। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জনরোষ থেকে বাঁচতে অবশেষে রীতিমতো এলাকা ছেড়ে দৌড় লাগান বিডিও। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP MLA and LoP Suvendu Adhikari)।
তিনি লিখেছেন, "আমাদের পাড়া আমাদের সমাধান - বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান! পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাই দায়, জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে এমন অবস্থা। খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুল্যান্স তো দূরের কথা একটা গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে ডুলিতে করে নিয়ে যেতে হয়। প্রসূতি মায়েদের নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীরা যত বার দাবি জানিয়েছেন ততবার সান্ত্বনা বাক্য ছাড়া তাদের কিছুই জোটেনি।"
এলাকার বেহাল রাস্তাটি মেরামতের দাবি দীর্ঘদিনের। বাসিন্দারা বারবার সেই দাবি জানালেও কোনও সুরাহা হচ্ছিল না। এবার পুজোর মুখে 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। সেই কর্মসূচিতে বিডিও যেতেই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নাড়মা গ্রাম পঞ্চায়েতের বসেছিল পাড়ায় সমাধান শিবির।
আরও একটি ভিডিও তিনি শেয়ার করেছেন যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলাকালীন কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট, জেলা পরিষদ সদস্যা রীনা দাসকে গ্রামবাসীরা ঢুকতেই দিল না। দেখুন সেই ভিডিও-