U19 Women's T20 World Cup: টানা দুবার যুবতীদের বিশ্বকাপের ফাইনালে ভারত, সামনে দক্ষিণ আফ্রিকা
একেবারে দাপট দেখিয়ে মহিলাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। শুক্রবার কুয়ালালামপুরে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলকে ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন জি কামলিনি, নিকি প্রসাদ-রা।
কুয়ালালামপুর, ৩১ জানুয়ারি: একেবারে দাপট দেখিয়ে মহিলাদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের (ICC U19 Women's T20 World Cup) ফাইনালে উঠল ভারত। শুক্রবার কুয়ালালামপুরে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলকে ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন জি কামলিনি, নিকি প্রসাদ-রা। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ের লক্ষ্যে খেলবে গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় যুবতী ক্রিকেট দল। টুর্নামেন্টের সব কটি ম্যাচে একপেশেভাবে জিতে ফাইনালে উঠল ভারতের মেয়েরা। ২০২৩ সালে মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের মেয়েরা।
একপেশে জয়ের ধারা অব্যাহত
এদিন, সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১১৩ রান। দারুণ বল করেন ভারতের তিন স্পিনার পারুনিকা সিসোদিয়া, বৈশালী শর্মা ও আয়ুষী শুক্লা। পারুনিকা ও বৈশালি ৩টি করে ও আয়ুষ ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার জি কিমালিনি ও গোনগাদি তৃষা দারুণ পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করেন। দলের ৬০ রানের মাথায় ভারতের প্রথম উইকেট পড়ে। আউট হন টুর্নামেন্টের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান তৃষা (২৯ বলে ৩৫)। এরপর কামালিনি (৫০ বলে ৫৬ অপরাজিত) ও তিনে নামা সানিকা চালকে (১১) ১৫ ওভারেই দলকে জিতিয়ে আনেন।
দারুণ জয় ভারতেরে মেয়েদের
ম্যাচের সেরা পারুনিকা
২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন দিল্লির স্পিনার পারুনিকা সিসোদিয়া।
ফাইনালে ভারতের মেয়েরা
প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ মহিলা দল ২০ ওভারে ১০৫ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব ১৯ মহিলা দল ১৮.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
কীভাবে ফাইনালে উঠল ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দল--
গ্রুপ লিগে ভারতের যুবতীরা:
ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারায়
মালয়েশিয়াকে ১০ উইকেটে হারায়
শ্রীলঙ্কাকে ৬০ রানে হারায়।
সুপার সিক্স পর্বে ভারতের যুবতীরা:
বাংলাদেশকে ৮ উইকেটে হারায়।
স্কটল্যান্ডকে ১৫০ রানে হারায়।
সেমিফাইনালে:
ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায়।
ফাইনালে:
রবিবার: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে