Lightning Strike Viral Video:সরাসরি ভয়াবহ বাজ এসে পড়ল যুবকের গায়ে, তবু গায়ে ফুটল না একটি আঁচড়ও! অলৌকিক ঘটনার ভিডিও ভাইরাল

প্রবাদের সেই ‘বজ্রপাতে প্রাণ যাওয়া’র ঘটনাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নিউ ইয়র্কের এক যুবক। গাড়ির দিকে যাওয়ার সময়ে হঠাৎই সজোরে বিদ্যুৎ এসে পড়ে তাঁর ওপর।

Lightning, Representational Image (Photo Credit: File Photo)

Lightning Strike Viral Video: প্রবাদের সেই ‘বজ্রপাতে প্রাণ যাওয়া’র ঘটনাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নিউ ইয়র্কের এক যুবক। গাড়ির দিকে যাওয়ার সময়ে হঠাৎই সজোরে বিদ্যুৎ এসে পড়ে তাঁর ওপর। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বজ্রপাতের তীব্রতায় তিনি মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন। তবে সবচেয়ে তাজ্জব করার বিষয় হলো, এত বড় ঘটনার পরও তাঁর শরীরে কোনো ধরনের পোড়া দাগ তো দূর, মারাত্মক কোনো আঘাতই লাগেনি!

কী ঘটেছিল

নিউ ইয়র্কের স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা থমাস ফাহমি জানান, ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য Todt Hill Road-এ নিজের গাড়িটির দিকে এগোচ্ছিলেন তিনি। গাড়ি থেকে মাত্র ১৫-২৫ ফুট দূরে থাকা অবস্থায় হঠাৎই বিদ্যুৎ তাঁর ওপর এসে পড়ে। থমাস জানান, "বজ্রপাতের পরই পুরো শরীর জুড়ে এক অবর্ণনীয় যন্ত্রণা শুরু হয়। পা দুটো অসাড় হয়ে জ্বলতে থাকে। তবে আমি জ্ঞান হারাইনি।" ভিডিওতে দেখা যায়, তীব্র যন্ত্রণা সত্ত্বেও থমাস নিজে উঠে দাঁড়ান এবং সাহায্য চেয়ে পাশের একটি বাড়ির দিকে হেঁটে যান। বাড়ির মালকিন স্টেফানি হোমসের তৎপরতায় দ্রুত খবর দেওয়া হয় হাসপাতালে।

দেখুন ভিডিও

 

এরপর কী হয়

হাসপাতালে রাতভর পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসক জানান, থমাসের শরীরে কোনো ‘ভিজ়িবল বার্ন’ বা পোড়ার চিহ্ন নেই। তিনি পুরোপুরি সুস্থ। থমাস মার্কিন কংগ্রেসওম্যান নিকোল ম্যালিওটাকিসের অফিসের কর্মী। কংগ্রেসওম্যান এই অলৌকিক বেঁচে ফেরাকে ঈশ্বরের কৃপা বলে বর্ণনা করেছেন। থমাস নিজেও জানান, "রবিবারই গির্জায় গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এসেছি। জীবনকে এখন অন্য চোখে দেখছি—খাটুনি আর দুশ্চিন্তার বাইরেও যে জীবনটা আনন্দের, তা উপলব্ধি করলাম।" বলা বাহুল্য, এই ঘটনার পরেই নিজের ভাগ্য পরীক্ষা করতে মেগা মিলিয়নস লটারি টিকিটও কেটে ফেলেছেন থমাস!

বাজ নিয়ে তথ্য

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC)-এর তথ্য অনুযায়ী, আমেরিকায় বছরে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ বার বজ্রপাত হয়। তবে বজ্রাঘাতের শিকার হওয়ার সম্ভাবনা ১০ লাখে ১ জনেরও কম, আর তার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষই শেষ পর্যন্ত বেঁচে যান। থমাসের এই অলৌকিক বেঁচে ফেরার ঘটনা সেই পরিসংখ্যানকেই যেন নতুন করে সিলমোহর দিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement