Pahalgam Aftermath: সিন্ধুর পর চন্দ্রভাগার জলপ্রবাহ রুখে দিল ভারত, গ্রীষ্মের মরসুমে অস্বস্তি বাড়ছে পাকিস্তানের
সিন্ধু জল চুক্তি আগেই স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। এবার চন্দ্রভাগা নদী বা চেনাব নদীর উপর সালাল বাঁধের সমস্ত গেট বন্ধ করে দিল ভারত।
নয়াদিল্লি, ৫ মেঃ পহেলগাম হামলার পর থেকে পাকিস্তানের উপর বেজায় রুষ্ট ভারত। পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) প্রত্যাঘাতের পাশাপাশি পাকিস্তানকে অর্থনৈতিকভাবেও পঙ্গু করে দিতে চাইছে নয়াদিল্লি (New Delhi)।
পাকিস্তানে জল প্রবাহ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের মোদী সরকার। সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) আগেই স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। এবার চন্দ্রভাগা নদী বা চেনাব নদীর (Chenab River) উপর সালাল বাঁধের সমস্ত গেট বন্ধ করে দিল ভারত। সিন্ধুর পর চেনাব নদীর জল থেকেও বঞ্চিত পাকিস্তান (Pakistan)।
ভারতের জল যাবে না পাকিস্তানে
চেনাব নদীর উপর সালাল বাঁধের সমস্ত গেট বন্ধ করে দেওয়ার ফলে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। কেন্দ্র সরকারের সিদ্ধান্তের প্রশংসায় মঞ্চমুখ স্থানীয় কাশ্মীরিরা। স্থানীয়ের কথায়, 'আমরা খুশি যে সরকার পাকিস্তানে জলপ্রবাহ বন্ধ করে দিয়েছে। যেভাবে তারা (জঙ্গিরা) পহেলগামে আমাদের পর্যটকদের হত্যা করেছে পাকিস্তান তার উপযুক্ত জবাব পাওয়ার যোগ্য'।
রিয়াসি জেলায় কমেছে নদীর জলস্তর
জম্মু ও কাশ্মীর হয়ে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাকিস্তানের দিকে বয়ে যায়। পহেলগাম হামলার জবাব দিতে ১৯৬০ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে সিন্ধু এবং তার উপনদীগুলির জলপ্রবাহ রুখে দিয়েছে নয়া দিল্লি। এরপরেই বিতস্তার জল ছাড়ে ভারত। যার ফলে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, কোনও রকম সতর্কবার্তা ছাড়াই বিতস্তার জল ছেড়েছে ভারত। যদিও নয়াদিল্লির পালটা দাবি ছিল, নিয়ম মেনেই জল ছাড়া হয়েছে। এবার চন্দ্রভাগার প্রবাহ রুখে দিল ভারত। সিন্ধু এবং চন্দ্রভাগা উভয় নদীর জল থেকে বঞ্চিত হওয়ায় গ্রীষ্মের মরসুমে তীব্র জলকষ্টের সম্মুখীন হতে চলেছে পাকিস্তান।