Football For Schools: পড়ুয়াদের মধ্যে ফুটবল খেলা নিয়ে আগ্রহ বাড়াতে সূচনা হল ফুটবল ফর স্কুলস কর্মসূচির

Football For Schools (Photo Credit: X@KVS_HQ)

পড়ুয়াদের মধ্যে ফুটবল খেলা নিয়ে আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল কলকাতায় ফুটবল ফর স্কুলস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সারা দেশে দেড় লক্ষের বেশি স্কুলে ১০ লক্ষ ফুটবল বিতরণ করা হবে। এর মধ্যে এরাজ্যের ১২ হাজারের বেশি স্কুলে ৮৮ হাজার ফুটবল বিতরণের লক্ষ্য নেওয়া হয়েছে। কলকাতার ফোর্ট উইলিয়ামে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার মধ্য দিয়ে দেশের ফুটবলের উন্নতির লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।

ফুটবল ফর স্কুলস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনাঃ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA)-র সহযোগিতায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয় ফোর্ট উইলিয়াম সহ শহরের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের সূচনা করেন।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement