Israeli Airstrike: গাজায় যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ইজরায়েলি হামলায় নিহত ১০ জন প্যালেস্তাইনি
পনেরো মাসের যুদ্ধের অবসান ঘটাতে চলতি মাসে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হয়েছে।
নয়াদিল্লি: গাজায় যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ইজরায়েলি (Israeli) সেনাবাহিনীর হামলায় ১০ জন প্যালেস্তাইনি (Palestinians) নিহত হয়েছেন। গাজায় (Gaza) গত ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটাতে চলতি মাসেই হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। গত ১৯ জানুয়ারি গাজার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এরই মধ্যে পশ্চিম তীরে ইজরায়েলি হামলায় আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্যালেস্তাইন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন প্যালেস্তাইন নিহত হয়েছেন। তবে ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধে ইজরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল। তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও প্যালেস্তাইনরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬ হাজার ৮৯৯ জন। চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছেন।
উল্লেখ, হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি তিন ধাপে কার্যকর করা হয়েছে। প্রথম ধাপ ছয় সপ্তাহের। এ সময় ৩৩ জন ইজরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইজরায়েলি কারাগারে বন্দী থাকা ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজা থেকে ইজরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে।
দ্বিতীয় ধাপে ইজরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও প্যালেস্তাইন বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইজরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে।
তৃতীয় ধাপে ইজরায়েলের কাছে মৃত জিম্মিদের দেহ ফেরত দেওয়া হবে। তারপর গাজায় পুনর্গঠন শুরু হবে।
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

