WB SSC Recruitment 2026: শিক্ষক নিয়োগে SSC-র বড় সিদ্ধান্ত: OBC প্রার্থীদের জন্য খুলল Edit অপশন
পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ-দ্বাদশের পর এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনগ্রসর শ্রেণী বা OBC প্রার্থীদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।
WB SSC Recruitment 2026: পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ-দ্বাদশের পর এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনগ্রসর শ্রেণী বা OBC প্রার্থীদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের সংশোধিত অনগ্রসর নীতিকে কার্যকর করতেই কমিশন এই পদক্ষেপে বাধ্য হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যজুড়ে মোট ২০ হাজার শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় ১৭ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের নিয়ম প্রযোজ্য হবে। এ সংক্রান্ত যাবতীয় কারিগরি পরিবর্তনের লক্ষ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে বিশেষ 'এডিট' সুবিধাও চালু করা হয়েছে।
ওবিসি তথ্য সংশোধনের নতুন সুযোগ ও সময়সীমা
স্কুল সার্ভিস কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিপ্রার্থীরা আগামী ২৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট, ২০২৬ পর্যন্ত পোর্টালে ঢুকে নিজেদের ওবিসি তথ্য সংশোধন বা আপডেট করতে পারবেন। এর আগে একাদশ-দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে ২০ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত তথ্যে পরিবর্তনের সময় দেওয়া হয়েছিল। নবম-দশমের প্রার্থীরা পোর্টালে লগ-ইন করে ‘Edit’ অপশনে ক্লিক করার পর ড্রপ-ডাউন মেনু থেকে সঠিক ক্যাটেগরি নির্বাচন করবেন। নতুন নিয়মে প্রার্থীদের অবশ্যই নিজ নিজ OBC Sub-Category, সঠিক সার্টিফিকেট নম্বর এবং শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের নাম বা তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
তথ্য না দিলে জেনারেল বা অসংরক্ষিত ক্যাটেগরিতে গণ্য
কমিশন কড়া ভাষায় সতর্ক করে জানিয়ে দিয়েছে যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো প্রার্থী যদি নিজের OBC Sub-Category সংক্রান্ত সঠিক ও প্রয়োজনীয় তথ্য প্রদান না করেন, তবে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে অসংরক্ষিত বা 'General' ক্যাটেগরির অন্তর্ভুক্ত হিসেবে ধরা হবে। রাজ্য মন্ত্রিসভা ও অনগ্রসর কল্যাণ দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, পূর্ববর্তী সরকারের গঠিত ১৭ শতাংশ সংরক্ষণের নীতি পরিবর্তন করে নতুন ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের নিয়ম চালু করা হয়েছে। সরকারি আদেশানুসারে বর্তমানে কেবল অনুমোদিত ৬৬টি নির্দিষ্ট জাতি বা শ্রেণিই রাজ্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ৭ শতাংশ সংরক্ষণের সুবিধা লাভ করবে।