India vs Pakistan in Asia Cup 2022: কবে, কখন হবে ভারত-পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপে আগামী ২৮ অগাস্ট দুবাইয়ে হতে চলা ভারত-পাকিস্তান গ্রুপ লিগের ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেল।

India vs Pakistan in Asia Cup 2022: কবে, কখন হবে ভারত-পাকিস্তান ম্যাচ
India vs Pakistan (Photo Credits: Getty Images)

এশিয়া কাপে আগামী ২৮ অগাস্ট দুবাইয়ে হতে চলা ভারত-পাকিস্তান গ্রুপ লিগের ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেল। আর মাত্র কটা দিনের অপেক্ষা। রোহিত শর্মা ব্রিগেড বনাম বাবর আজমদের মধ্যে ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে।  সাম্প্রতিক ফর্মের বিচারে দুটো দলই দারুণ জায়গায়। তবে বিশেষজ্ঞরা ভারতকেই এগিয়ে রাখছেন। যদিও টি টোয়েন্টি আর ভারত-পাক উত্তেজক ম্যাচ এগিয়ে থাকা দল সব সময় জেতে না। পরিসংখ্যানের দিকে তাকালে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান এর আগে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। ভারত তার মধ্যে জিতেছে ৮বার, পাকিস্তান জিতেছে ৫ বার। এশিয়া কাপ ক্রিকেটকে ভারতের লাকি টুর্নামেন্ট বলা হয়। গতবারের এশিয়া কাপও জিতেছে টিম ইন্ডিয়া।

২০২০ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে সেই টুর্নামেন্ট দু বছর পিছিয়েছে। তার ওপর আবার শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অচলাবস্থার কারণে এবারের এশিয়া কাপের আয়োজক বদলে হচ্ছে সংযুক্ত আরবআমিরশাহিতে। ২৭ অগাস্ট থেকে দুবাইয়ে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। ফাইনাল ১১ সেপ্টেম্বর, দুবাইয়ে।

৬টি দেশকে নিয়ে আয়োজিত হচ্ছে এবারের এশিয়া কাপের মুলপর্ব। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তানের সঙ্গে থাকছে কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা একটি দেশ। আর গ্রুপ বি-তে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে, দুটি দল বিদায় নেবে। সুপার ফোরে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে খেলার পর পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম দুটি দল ফাইনালে উঠবে।

আগামী ২৮ অগাস্ট গ্রুপ এ-র ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বড় কোনও অঘটন না ঘটলে সুপার ফোরে ফের ভারত-পাক ম্যাচ ৪ সেপ্টেম্বর, রবিবার দুবাইয়ে। ঘোষিত ক্রীড়াসূচিতে বলা আছে সুপার ফোরে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন ও রানার্স দল ৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে। কোয়ালিফায়ার দেশকে টপকে ভারত, পাকিস্তানই যে গ্রুপ এ-থেকে সুপার ফোরে উঠবে তেমনটাই কার্যত নিশ্চিত। বরং গ্রুপ বি থেকে সুপার ফোরে ওঠার লড়াইটা জমজমাট হবে। কারণ শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ-এই তিনটি দেশের মধ্যে যে কেউ তাদের দিনে জিততে পারে।

ভারত-পাকিস্তানের গ্রুপে তৃতীয় দল কে হবে, তা ঠিক হবে ২০ অগাস্ট থেকে চারটি দলকে নিয়ে হতে চলা কোয়ালিফায়ার রাউন্ডে। যেখানে মুখোমুখি হবে আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহি, হংকং, কুয়েত ও সিঙ্গাপুর। প্রথমে ঠিক ছিল এবারের এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক সঙ্কটের কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে আয়োজিত হচ্ছে আরব মুলুকে।

এবারের অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে কুড়ি ওভার ফর্ম্যাটের। সংযুক্ত আরবআমির শাহি-র দুবাইয়ে হবে টুর্নামেন্টের ফাইনাল সহ মোট দশটি ম্যাচে। আর শারজাতে হবে মাত্র তিনটি ম্যাচ। ভারতের সব খেলাই হবে দুবাইয়ে। গ্রুপ লিগে ভারতের দুটি ম্যাচ ২৮ অগাস্ট, পাকিস্তান ও ৩১ অগাস্ট, কোয়ালিফায়ার দল। বাংলাদেশ অভিযান শুরু করছে ৩০ অগাস্ট, আফগানিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে।

এশিয়া কাপে ভারতের ম্যাচ

গ্রুপ লিগে

২৮ অগাস্ট: পাকিস্তানের বিরুদ্ধে

৩১ অগাস্ট: কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে

সুপার ফোরে (গ্রুপ চ্যাম্পিয়ন হলে)

৪ সেপ্টেম্বর- পাকিস্তানের (সম্ভাব্য) (গ্রুপ এ রানার্স) বিরুদ্ধে

৬ সেপ্টেম্বর- বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে

৮ সেপ্টেম্বর- বি গ্রুপের রানার্স দলের বিরুদ্ধে

সুপার ফোরে (গ্রুপ রানার্স হলে)

৪ সেপ্টেম্বর- পাকিস্তানের (সম্ভাব্য) (গ্রুপ এ চ্যাম্পিয়ন) বিরুদ্ধে

৭ সেপ্টেম্বর- বি গ্রুপের রানার্স দলের বিরুদ্ধে

৯ সেপ্টেম্বর- বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে

(তিনটি ম্যাচই দুবাইয়ে)

ফাইনাল-১১ সেপ্টেম্বর, দুবাইয়ে।

(The above story first appeared on LatestLY on Aug 12, 2022 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).