Ratha Saptami 2024: শ্রী কৃষ্ণের পুত্র সাম্বকে কেন অভিশাপ দিয়েছিলেন দূর্বাসা? এই ভাবে সূর্যদেবকে আহ্বান করুন এবং জেনে নিন রথসপ্তমীর উপবাসের গল্প...
হিন্দু ধর্মে মাঘ শুক্লপক্ষ সপ্তমী তিথির রয়েছে বিশেষ গুরুত্ব। এই দিন সূর্য দেব, যিনি আরোগ্য দেব নামেও পরিচিত, তাঁর পুজো করার প্রথা রয়েছে। এই দিনটি অচলা সপ্তমী, রথ সপ্তমী, সূর্য সপ্তমী, সূর্য জয়ন্তী এবং মাঘ সপ্তমী নামেও পরিচিত। এই উপবাসটি ভগবান কৃষ্ণের পুত্র সাম্ব এবং মহর্ষি দূর্বাসার সঙ্গে সম্পর্কিত। মৎস্য পুরাণ অনুসারে, এই দিনে সূর্য দেবতার পুজো করে, দান করে এবং সূর্য সপ্তমীর উপবাসের গল্প শুনলে, সমস্ত রোগ নিরাময় হয়, তাই সূর্য দেবকে আরোগ্য দেবও বলা হয়। ২০২৪ সালে সূর্য সপ্তমী পালিত হবে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার। এবার সূর্য সপ্তমী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক...
পৌরাণিক কাহিনী অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমীতে সূর্য দেবতা আবির্ভূত হন ৭টি ঘোড়ার রথে চড়ে। এই দিনটি সূর্যজয়ন্তী হিসেবে পালন করা হয়। এই দিনে সূর্যদেবকে স্বাগত জানাতে নারীরা নিজ নিজ বাড়িতে সূর্যদেব ও তাঁর রথের ছবি তৈরি করেন। বাড়ির প্রধান দরজায় আবির দিয়ে তৈরি করা হয় এই ছবি। এছাড়া বাড়ির উঠোনে একটি মাটির পাত্রে কাঁচা দুধ রাখা হয়, যা সূর্যের আলোতে গরম করা হয়। এই দুধ গরম হওয়ার পর নিবেদন করা হয় সূর্যদেবকে। মান্যতা আছে যে, এদিন এই কাজগুলি করলে সূর্যদেবের আশীর্বাদে পরিবারের কোনও রোগের ভয় থাকে না।
শ্রীকৃষ্ণের পুত্র সাম্বকে নিয়ে বলা হয় রথসপ্তমীর উপবাসের গল্প। সাম্ব দেখতে খুবই সুন্দর এবং শক্তিশালী হওয়ার পাশাপাশি অহংকারীও ছিলেন। একবার মহর্ষি দূর্বাসা দীর্ঘকাল কঠোর উপবাস পালনের পর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাঁর পুত্র সাম্বর সঙ্গে বসেছিলেন। দুর্বাসার সহজেই ক্রুদ্ধ হওয়ার স্বভাবের সম্বন্ধে অবগত ছিলেন না সাম্ব। দূর্বাসার দুর্বল শরীর দেখে হেসে ফেলেন সাম্ব, তা দেখে মহর্ষি রেগে তাঁকে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দেন।
মহর্ষির অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পিতা শ্রী কৃষ্ণের কাছে সমাধান চেয়েছিলেন সাম্ব। তখন শ্রী কৃষ্ণ সাম্বকে উপবাস করে ভগবান সূর্যের উপাসনা করার পরামর্শ দেন। সাম্ব তাঁর পিতার পরামর্শ অনুসারে উপবাস করে সূর্য দেবতার পুজো শুরু করেন। সাম্বের উপাসনায় খুশি হয়ে সাম্বকে কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়ার আশীর্বাদ দিয়েছিলেন সূর্য দেবতা। এরপর একদম সুস্থ হয়ে যায় সাম্ব। কথিত আছে এরপর থেকেই সূর্য সপ্তমীর উপবাস ও পুজোর প্রথা শুরু হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)