Gurugram: নেশায় মত্ত ৩ যুবকের হাতে এলোপাথাড়ি মার, মৃত্যু ষাটোর্ধ্ব ব্যক্তির
রাস্তায় পড়ে থাকা লাঠি, পাথর তুলে বৃদ্ধকে বেধড়ক মারেন তাঁরা। এই দেখে ছুটে আসেন বৃদ্ধের স্ত্রী এবং পুত্রবধূ। মত্ত যুবকদের থেকে রেহাই পেলেন না তাঁরাও।
গুরুগ্রাম, ২৮ মেঃ মত্ত তিন যুবকের হাতে পিটুনি খেয়ে বেঘোরে প্রাণ হারালেন এক বৃদ্ধ। রবিবার ভোরবেলা গুরুগ্রামের (Gurugram) নিউ পালম বিহার এলাকায় তিন যুবক নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধকে মারধর করেন। মারের চোটে মৃত্যু হয়েছে ৬৫ বছরের বৃদ্ধের।
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম রাজবীর। বিহারবাসী রাজবীর পরিবার নিয়ে গুরুগ্রামের (Gurugram) নিউ পালম বিহারে থাকতেন। ঘটনার দিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির সামনেই একটা বেঞ্চে বসে ছিলেন মৃত বৃদ্ধ। এমন সময়ে তিনি লক্ষ্য করেন তাঁর পাড়ার তিন যুবক একে অপরের সঙ্গে বচসায় জড়িয়েছে। কৌতূহলের বশে তাঁদের মধ্যে অশান্তির কারণ জানতে এগিয়ে যান ওই বৃদ্ধ। আর তা করাই কাল হল বৃদ্ধের। মত্ত তিন যুবক উলটে বৃদ্ধকেই মারধর শুরু করলেন কোন কারণ ছাড়াই।
রাস্তায় পড়ে থাকা লাঠি, পাথর তুলে বৃদ্ধকে বেধড়ক মারেন তাঁরা। এই দেখে ছুটে আসেন বৃদ্ধের স্ত্রী এবং পুত্রবধূ। মত্ত যুবকদের থেকে রেহাই পেলেন না তাঁরাও। ওই দুই মহিলাকেও এলোপাথাড়ি মারেন তাঁরা। বৃদ্ধের বাড়িতে ঢুকে তাঁর ছেলেকেও মেরে আসেন যুবকের দল।
লাঠিসোঁটা দিয়ে মার খাওয়ার ফলে গুরুতর আহত হয়েছিলেন বৃদ্ধ। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। অভিযুক্ত তিন যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on May 28, 2023 06:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

