ITR Filing Deadline Extension: আয়কর রিটার্ন জমার সময়সীমা কি বাড়বে? জল্পনায় না কান দিয়ে কেন দ্রুত ফাইল করবেন ITR, জানুন কারণ

আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ এগিয়ে আসছে। অনেকেই ভাবছেন, প্রতি বছরের মতো এবারও হয়তো কেন্দ্রীয় সরকারের তরফে সময়সীমা বাড়ানো হবে। তবে এই অপেক্ষায় দিন গুনে আয়কর রিটার্ন জমা দিতে দেরি করাটাই আপনার জন্য মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হতে পারে!

Facebook

ITR Filing Deadline Extension: আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ এগিয়ে আসছে। অনেকেই ভাবছেন, প্রতি বছরের মতো এবারও হয়তো কেন্দ্রীয় সরকারের তরফে সময়সীমা বাড়ানো হবে। তবে এই অপেক্ষায় দিন গুনে আয়কর রিটার্ন জমা দিতে দেরি করাটাই আপনার জন্য মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হতে পারে! কর বিশেষজ্ঞদের মতে, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করলে জরিমানার মুখে পড়ার পাশাপাশি ট্যাক্স রিফান্ড পেতে দেরি হওয়া এবং পোর্টালে কারিগরি গোলযোগের মতো একাধিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

কেন সময়সীমা বাড়ার আশায় বসে থাকা ঝুঁকিপূর্ণ?

অনেক করদাতাই নির্দিষ্ট মেয়াদের শেষ সপ্তাহে গিয়ে আইটিআর ফাইল করার তোড়জোর শুরু করেন। তবে ইতিহাস বলছে, আয়কর পোর্টালে মারাত্মক কোনও প্রযুক্তিগত ত্রুটি বা বড় প্রশাসনিক কারণ ছাড়া সরকার সচরাচর আইটিআর জমার মেয়াদ বাড়ায় না। ফলে শেষ মুহূর্তে পোর্টালের ওপর অতিরিক্ত চাপের কারণে সার্ভার ডাউন হতে পারে, যা আপনাকে সময়সীমা পার করতে বাধ্য করবে এবং জরিমানা গুনতে হতে পারে।

আগেভাগে আইটিআর জমার প্রধান ৪টি সুবিধা:

১. AIS ও Form 26AS মেলাবার পর্যাপ্ত সময়:

আইটিআর জমা দেওয়ার আগে নিজের 'অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট' (AIS) এবং 'ফর্ম ২৬এএস' (Form 26AS) ভালো করে খতিয়ে দেখা জরুরি। ব্যাঙ্ক সুদের হিসাব, বেতন থেকে কাটা টিডিএস (TDS), ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইন সংক্রান্ত তথ্যে ভুল থাকলে তা সংশোধনের জন্য হাতে সময় দরকার হয়। শেষ মুহূর্তে ফাইল করতে গেলে এই গড়মিল চোখে না-ও পড়তে পারে।

২. রিফান্ড প্রক্রিয়ায় গতি:

ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেট্টির মতে, আগেভাগে রিটার্ন জমা দিলে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে তথ্যের অমিল দূর করার পর্যাপ্ত সুযোগ থাকে। এর ফলে আয়কর প্রদানকারীরা তাঁদের প্রাপ্য ক্রেডিট সহজে পান এবং রিফান্ড পেতেও অতিরিক্ত বিলম্ব হয় না।

৩. সঠিক ট্যাক্স রেজিম বেছে নেওয়ার সুযোগ:

ফাইল করার আগে পুরনো নাকি নতুন কোন ট্যাক্স রেজিম (Tax Regime) আপনার জন্য সুবিধাজনক, তা যাচাই করা প্রয়োজন। আর্থিক বছরের শুরুতে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, গৃহঋণ বা ৮০সি (80C), ৮০ডি (80D)-র অধীনে নতুন বিনিয়োগের কারণে সেই সমীকরণ বদলাতেই পারে। ঠাণ্ডা মাথায় হিসাব কষে সঠিক কাঠামোর নির্বাচন আপনার কর অনেকটাই বাঁচাতে পারে।

৪. অহেতুক মানসিক চাপ ও জরিমানা এড়ানো:

নির্দিষ্ট মেয়াদের পর আইটিআর জমা দিলে দেরির জন্য জরিমানা (Late Filing Fee) দিতে হয়। তাই সরকার সময়সীমা বাড়াবে, এই জল্পনায় না গিয়ে যত দ্রুত সম্ভব ঝামেলাহীনভাবে রিটার্ন জমা দেওয়াই বুদ্ধিমানের কাজ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement