West Bengal College Admission: পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু, আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

West Bengal College Admission: পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু, আজ থেকে শুরু রেজিস্ট্রেশন
Online Portal UG Admission (Photo Credit: X@CitizenMdSaddam)

গতকাল সন্ধ্যায় কলেজে ভর্তির (WB College Admission) পোর্টাল চালুর কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানান - ১৮ জুন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদন শেষ তারিখ ১ জুলাই। কলেজে ভর্তির অনলাইন পোর্টাল মঙ্গলবার থেকেই সক্রিয়। যদিও তা আজ অর্থাৎ বুধবার থেকে তা সরকারিভাবে চালু করা হবে বলে জানান উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বিকাশভবনে তাঁর নিজস্ব দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের স্নাতক স্তরে ভর্তির জন্যে যে জটিলতার সৃষ্টি হয়েছিল দ্রুততার সঙ্গে তার সমাধান হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন মন্ত্রী। পোর্টালের সূচনায়  বিভাগীয় সচিব বিনোদ কুমার উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তিনি আরো জানান, আগামীকাল অর্থাৎ ১৮ জুন থেকে আগামী ১ জুলাই পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও আবেদন পর্ব। ৬ জুলাই মেধা অনুযায়ী তালিকা প্রকাশ হবে। প্রথম দফায় কলেজে আসনের ভিত্তিতেই ৬ - ১২ তারিখ পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া।

উল্লেখ্য, আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পঠনপাঠন আগস্ট মাস থেকে চালু হয়ে যাবে। দ্বিতীয় দফায় তা আগস্ট - সেপ্টেম্বর জুড়ে চলবে।

কীভাবে আবেদন করবেনঃ-

  • পোর্টালে আবেদন করতে হলে প্রথমে সমস্ত তথ্য দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন।
  • ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগ ইন।
  • একবারে সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করা যাবে এবং একাধিক বিষয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে।
  • মেধা তালিকা অনুযায়ী আসন বণ্টন হবে। যার সমস্ত তথ্য মিলবে পোর্টালে। এসএমএস ও ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট।
  • অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার।
  • প্রভিশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই।
  • শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকছে এআই চ্যাটবট ‘বীণা’। আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে।

 

(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).