West Bengal Municipal Elections 2022 Result: ৯৩টি পুরসভায় একচেটিয়া জয়ে বোর্ড দখল তৃণমূলের, বামেরা একটি, ত্রিশঙ্কু ৭, বিজেপি এখনও শূন্য

রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ৯৩টি-তে জিতে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট একটি পুরসভা দখল করেছে। ৭টি পুরসভার ফল ত্রিশঙ্কু। কিন্তু বিজেপি এখনও পর্যন্ত একটা পুরসভাতেও জিততে পারেনি।

West Bengal Municipal Elections 2022 Result: ৯৩টি পুরসভায় একচেটিয়া জয়ে বোর্ড দখল তৃণমূলের, বামেরা একটি, ত্রিশঙ্কু ৭, বিজেপি এখনও শূন্য
TMC FLAG (Photo Credit: PTI)

কলকাতা, ২ মার্চ: রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ৯৩টি-তে জিতে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে, এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। বামফ্রন্ট একটি পুরসভা দখল করেছে। ৭টি পুরসভার ফল ত্রিশঙ্কু। কিন্তু বিজেপি এখনও পর্যন্ত একটা পুরসভাতেও জিততে পারেনি। রাজ্যের মোট ২২৭৪টি ওয়ার্ডের ভোট গণনা চলছে। সেখানে তৃণমূল জিতেছে ১৮৮২টি-তে, আর বিজেপি মাত্র ৫৮টিতে। মানে রাজ্যের শহরাঞ্চেলর ভোটে দিদি ঝড়ে একেবারে ধরাশায়ী বিজেপি। ক মাস আগে কলকাতা পুরসভার ভোটে তৃণমূল যেখানে ১৩৩টি ওয়ার্ডে জিতেছিল, সেখানে বিজেপি জিতেছিল মাত্র ৩টি।

ক দিন আগে হওয়া আসানসোল-বিধাননগর-চন্দননগর-শিলিগুড়ি পুরনিগমের ভোটেও দিদি ঝড়ে উড়ে গিয়েছিল বিজেপি। বিধানসভায় গড় বাঁচানো অর্জুন সিংয়ের ভাটপাড়াতেও বিজেপি একটা ওয়ার্ডেও জিততে পারেনি। আরও পড়ুন: রাজ্যের ১০৮ পুরসভার ফলাফল জানুন সরাসরি

দেখুন টুইট

তবে সবচেয়ে বড় খবর হল দীর্ঘ ৪ দশক পর কাঁথি পুরসভা হাতছাড়া হল অধিকারী পরিবারের। অধিকারী পরিবারের সরাসরি কেউ কাঁথি পুরসভায় না লড়লেও, বিজেপি শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠদেরই প্রার্থী করেছিল। কিন্তু কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে জিতে পুরসভা দখল করেছে তৃণমূল, সেখানে বিজেপি জিতেছে মাত্র ৩টি ওয়ার্ডে। বিভিন্ন আসনে শুভেন্দুর নেতৃত্বে লড়া বিজেপি প্রার্থীরা হেরেছেব, সঙ্গে কাউন্সিলর ভোটে লড়ে পরাস্ত হয়েছেন কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিং।

তবে বিজেপি-র কাছে মন্দের ভাল কাঁথি দক্ষিণের দলীয় বিধায়ক অরূপ দাসের ১৭৮ ভোটের ব্যবধানে জয়। শিশিরের কাঁথির মত শুভেন্দুর খাসতালুক তমলুকেও তৃণমূল পুরসভা দখলের পথে। সেখানে ২০টি ওয়ার্ডের মধ্যে ৮টি-তে এগিয়ে তৃণমূল, ৪টি-তে জয়ী বিজেপি। তবে এগরায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বিজেপি। রাজ্যের মন্ত্রী অখিল গিরির এলাকার পুরসভায় ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি-তে এগিয়ে তৃণমূল, ৫টিতে এগিয়ে বিজেপি, ১টি-তে কংগ্রেস ও একটিতে এগিয়ে নির্দল প্রার্থী।

(The above story first appeared on LatestLY on Mar 02, 2022 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).