Belgharia: প্রকাশ্য রাস্তায় নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করল স্বামী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
সন্ধ্যাবেলায় আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলেন এক মহিলা। সেই সময় আচমকা পেছন থেকে তাঁর গায়ে তরল ফেলা হল।
সন্ধ্যাবেলায় আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলেন এক মহিলা। সেই সময় আচমকা পেছন থেকে তাঁর গায়ে তরল ফেলা হল। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার (Belgharia) কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অনুপমা রোডে। জানা যাচ্ছে ওই মহিলা খড়দহের বাসিন্দা। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের একাংশ পুড়ে গিয়েছে। তাই তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে মহিলাকে মারার চেষ্টা করছিল সে হল তাঁর স্বামী।
এদিন পরিকল্পনা করেই তাঁর ওপরে হামলা চালিয়েছিল ওই ব্যক্তি এবং তাঁর বন্ধুরা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি। জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারাই তৎপর হয়ে পুলিশে খবর দেয়। তবে ততক্ষণে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। মহিলাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীকালে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে (Sagar Dutta Medical College and Hospital) ভর্তি করা হয়।
(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 09:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

