Annapurna Diwas 2026: মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালনে ঢালাও আয়োজন, তৈরি ২৫০ সরকারি বাস, জানুন বিস্তারিত
অন্নপূর্ণা দিবস উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্ট।
Annapurna Diwas 2026: অন্নপূর্ণা দিবস উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেইদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্ট। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসেই রাজ্যজুড়ে পালিত হবে ‘অন্নপূর্ণা দিবস’। সেই সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা পুরসভার আওতাধীন অন্নপূর্ণা যোজনার প্রায় ১০ হাজার উপভোক্তা আগামী মঙ্গলবারের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন।
২৫০টি বিশেষ সরকারি বাসের ব্যবস্থা
মঙ্গলবার কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, দূর-দূরান্ত থেকে আসা উপভোক্তাদের সুবিধার্থে পরিবহণ দফতর ২৫০টি বিশেষ সরকারি বাসের ব্যবস্থা করেছে। এই বিশাল আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রতিটি বাসে কলকাতা পুরসভার ২ জন করে আধিকারিক এবং ২ জন করে নিরাপত্তাকর্মী উপস্থিত থাকবেন।
কঠোর নিরাপত্তার ব্যবস্থা
বিপুল সংখ্যক মানুষের যাতায়াত, যাতায়াতের রুট এবং সমগ্র অনুষ্ঠানস্থলের নিখুঁত নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের কাছে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েনের আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য কলকাতা পুলিশের কমিশনারকে বিশেষ চিঠি দিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক তথা মিউনিসিপ্যাল কমিশনার। পাশাপাশি, পুরসভার বরো অফিসগুলির সঙ্গে পুলিশের নিবিড় সমন্বয় বজায় রাখার সুবিধার্থে বরো ভিত্তিক নোডাল পুলিশ আধিকারিকদের নাম ও যোগাযোগের নম্বর দ্রুত হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনায় আর্থিক সাহায্যপ্রাপ্ত মহিলাদের সম্মান জানানোর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত আগস্ট মাসেই ভবানীপুরের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, আগামী ১৭ সেপ্টেম্বর মোদীজির জন্মদিনে রাজ্যজুড়ে মহা সমারোহে 'অন্নপূর্ণা দিবস' উদযাপিত হবে। তিনি এও আশ্বাস দিয়েছিলেন যে, রাজ্যে আরও ২৫ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলাকে খুব শীঘ্রই এই আর্থিক সুরক্ষার আওতায় আনা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতা বজায় রেখে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে হাজার হাজার অন্নপূর্ণা প্রাপকদের নিয়ে আয়োজিত হতে চলেছে এই মেগা সমাবেশ।
(The above story first appeared on LatestLY on Sep 09, 2026 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

