KKR Playoffs Qualification Scenario: শেষ তিনটি ম্যাচে জিতলেও কি প্লে অফ নিশ্চিত কলকাতার! জানুন অঙ্কের হিসেব
এবারের আইপিএলে প্লে অফে ওঠার হিসেব অনেকটা গুলিয়ে যাচ্ছে, কারণ কোনও ম্যাজিক সংখ্যা বোঝা যাচ্ছে না। মোটের ওপর ১৬ পয়েন্টে পৌঁছে গেলে আইপিএলের প্লে অফে ওঠা যায়।
KKR Playoffs Qualification Scenario IPL 2025: একেবারে চিত্তাকর্ষক জায়গায় দাঁড়িয়ে আইপিএলের প্লে অফে ওঠার লড়াই। একেবারে গায়ে গায়ে দাঁড়িয়ে পয়েন্ট তালিকায় থাকা প্রথম ৫টি দল। খুব পিছিয়ে নেই পয়েন্ট তালিকায় ৬ ও ৭ থাকা দলেরাও। লিগ পর্ব থেকে প্রথম চারে থেকে প্লে অফে উঠতে এবারের মত লড়াই আইপিএলে এর আগে সেভাবে দেখা যায়নি। এখনও পর্যন্ত এবারের আইপিএলের ৫২টি ম্যাচ হয়ে গিয়েছে, কিন্তু এখনও কেউ প্লে অফে উঠতে পারেনি। এবারের আইপিএলে প্লে অফে ওঠার হিসেব অনেকটা গুলিয়ে যাচ্ছে, কারণ কোনও ম্যাজিক সংখ্যা বোঝা যাচ্ছে না। মোটের ওপর ১৬ পয়েন্টে পৌঁছে গেলে আইপিএলের প্লে অফে ওঠা যায়। এটা এতদিন সত্য়ি ছিল। কিন্তু এবার ১৭ পয়েন্টে লিগের খেলা শেষ করেও বিদায় নিতে হতে পারে। শেষের দিকের দলগুলো এবার একেবারে খারাপ ফল করায় অনেকটা কঠিন হয়ে গিয়েছে প্লে অফে ওঠার লড়াই।
প্লে অফে ফেভারিট কারা
১০টি দলের মধ্যে ৭টি এখনও প্লে অফের লড়াইয়ে আছে। বিদায় নিশ্চিত হয়েছে- ধোনির চেন্নাই, রিয়ান পরাগের রাজস্থান ও প্যাট কামিন্সের হায়দারাবাদের। এখন প্রশ্ন হল ১১ ম্যাচে ১১ পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাইট রাইডার্স কীভাবে প্লে অফে উঠতে পারে। হিসেবটা বেশ জটিল। বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৬ পয়েন্ট), পঞ্জাব (১১ ম্যাচে ১৫), মুম্বই (১১ ম্যাচে ১৪) ও গুজরাট (১০ ম্যাচে ১৪) এখনও প্লে অফে ওঠার ব্যাপারে ফেভারিট। কিন্তু লড়াইতে বেশ ভালভাবে আছে দিল্লি (১০ ম্যাচে ১২)। শেষের তিনটি ম্যাচ জিতলে অনেকটা পিছিয়ে থেকে গতবারের চ্যাম্পিয়ন কলকাতাও প্লে অফে উঠে যেতে পারে। তবে তার জন্য আজিঙ্কা রাহানেদের শুধু জিতলেই হবে না, বাকি তিনটি ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে, কারণ ১৭ পয়েন্টে শেষ করেও কলকাতাকে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। সেই সঙ্গে কলকাতার সমর্থকদের আশায় থাকতে হবে, তিনটি দলের বাইরে কেউ যেন ১৭ পয়েন্টের বেশী না পেয়ে যায়। এখন যা অবস্থা তাতে পয়েন্ট তালিকায় প্রথম চারটি দল কেকেআর-র সর্বোচ্চ গণ্ডির ১৭ পয়েন্টে ছাপিয়ে যেতে পারে। আরও পড়ুন-শট মারতে গিয়ে হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল ব্যাট, অদ্ভূত কায়দায় আউট পন্থ, দেখুন ভিডিয়ো
শেষ তিনটি ম্যাচ জিতলেই কলকাতা কি প্লে অফে?
একটা বিষয় পরিষ্কার গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্সকে লিগ পর্বে তাদের শেষ তিনটি ম্যাচে জিততেই হবে। সেক্ষেত্রে রাহানেরা ১৭ পয়েন্টে শেষ করবেন। এবারের আইপিএলে প্লে অফে উঠতে হলে ১৭ পয়েন্টও যথেষ্ট নাও হতে পারে। কারণ পয়েন্ট তালিকায় প্রথম তিনটি দল নিশ্চিতভাবেই ১৮ বা তার বেশী পয়েন্টে শেষ করবে। ১৭ পয়েন্টে শেষ করতে পারে তিনটি দল। সেক্ষেত্রে নেট রানরেট খুব বড় বিষয় হতে চলেছে। খুব সম্ভবত বিরাট কোহলির বেঙ্গালুরু ও হার্দিক পান্ডিয়ার মুম্বই ১৮ পয়েন্ট বা তার বেশীতে শেষ করতে পারে। তিনটি ম্যাচ বাকি থাকতে বেঙ্গালুরুর পয়েন্ট এখন ১৬, মুম্বইয়ের ১৪। খুব সম্ভবত গুজরাটও (১০ ম্যাচে ১৪) ১৮-র গণ্ডিতে পৌঁছে যাবে। সেক্ষেত্রে কলকাতার প্লে অফে ওঠার সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে- শ্রেয়স আইয়ারের পঞ্জাব (১৫ পয়েন্ট) ও অক্ষর প্যাটেলের দিল্লি (১২ পয়েন্ট)। পঞ্জাবের শেষ তিনটি ম্যাচ- দিল্লি, মুম্বই ও রাজস্থানের বিরুদ্ধে। সেখানে দিল্লির শেষ তিনটি ম্যাচ-- হায়দারাবাদ, পঞ্জাব ও গুজরাটের বিরুদ্ধে।
নাইটদের শেষ তিনটি ম্যাচ:
সিএসকে (চেন্নাই, ইডেনে, বুধবার), সান রাইজার্স (হায়দরাবাদ, শনিবার), আরসিবি (বেঙ্গালুরু, ১৭ মে)।
আইপিএলের পয়েন্ট টেবিল
১) বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)
২) পঞ্জাব (১১ ম্যাচে ১৫ পয়েন্ট)
৩) মুম্বই (১১ ম্যাচে ১৪ পয়েন্ট)
৪) গুজরাট (১০ ম্যাচে ১৪ পয়েন্ট)
৫) দিল্লি (১০ ম্যাচে ১২ পয়েন্ট)
৬) কলকাতা (১১ ম্যাচে ১১ পয়েন্ট)
৭) লখনৌ (১১ ম্যাচে ১০ পয়েন্ট)
৮) রাজস্থান (১২ ম্যাচে ৬ পয়েন্ট)
৯) হায়দারাবাদ (১০ ম্যাচে ৬ পয়েন্ট)
১০) চেন্নাই (১১ ম্যাচে ৪ পয়েন্ট)
(The above story first appeared on LatestLY on May 05, 2025 03:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

