হায়দ্রাবাদি বিরিয়ানি একেবারে রাজকীয় পদ। সাধারণ বিরিয়ানির থেকে এটি একটু আলাদা, কারণ এতে ব্যবহৃত হয় বিশেষ মশলা ও দুই স্তরে রান্নার পদ্ধতি । যাকে বলে 'দম বিরিয়ানি'। আপনি যদি ঘরেই হায়দ্রাবাদি বিরিয়ানির স্বাদ নিতে চান, তবে নিচের পদ্ধতি অনুসরণ করলেই হবে।
প্রথমে মুরগির মাংস বা খাসির মাংস নিয়ে ভালো করে দই, আদা-রসুন বাটা, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, পুদিনা, ধনে পাতা, ভাজা পেঁয়াজ ও হায়দ্রাবাদি বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে অন্তত ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এই মশলায় থাকা দই ও লেবুর রস মাংসকে করে তোলে নরম ও রসালো।
একদিকে বাসমতী চাল আধা সিদ্ধ করে তুলে রাখুন। অন্যদিকে একটি পাত্রে ম্যারিনেট করা মাংস বিছিয়ে তার ওপরে অর্ধসিদ্ধ চাল দিন। এর পর গুলাব জল, কেওড়া জল, ঘি ও জাফরান দুধ দিয়ে ছিটিয়ে দিন। এবার পাত্রটি ভালভাবে ঢেকে দিন যাতে ভিতরের গন্ধ বাইরে না যায়।
এরপর কম আঁচে অন্তত ৪৫ মিনিট ‘দমে’ রাখুন। দমের এই পদ্ধতিতেই মাংস ও চাল একসঙ্গে সেদ্ধ হয়ে অপূর্ব স্বাদ হয়।