Note Change: বাজারে নতুন ১০ এবং ৫০০ টাকার নোট আনছে RBI, থাকবে বড় বদল, জানুন বিশদে
১০ এবং ৫০০ টাকার নতুন নোট প্রবর্তনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল আরবিআই (RBI)। বিশেষ বদল থাকবে নতুন দশ এবং পাঁচশো টাকার নোটে।
নয়াদিল্লি, ৫ এপ্রিলঃ নতুন ১০০ টাকা এবং ২০০ টাকার নোট ছাপাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে ভারতের বাজারে নতুন ১০০ এবং ২০০ টাকার নোট প্রকাশের পাশাপাশি ১০ এবং ৫০০ টাকার নতুন নোট প্রবর্তনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল আরবিআই (RBI)। বিশেষ বদল থাকবে নতুন দশ এবং পাঁচশো টাকার নোটে।
৪ এপ্রিল, শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক নতুন ১০ টাকা এবং ৫০০ টাকা ছাপার ঘোষণা করেছেন। সেই নোটে থাকবে বিশেষ বদল। ফের মহাত্মা গান্ধী সিরিজের নোট ছাপাবে আরবিআই। তবে নয়া নোটগুলোতে থাকবে সামান্য পরিবর্তন। বদলাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের স্বাক্ষর। মহাত্মা গান্ধী সিরিজের নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোটে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার (Sanjay Malholtra) সই থাকবে। এত দিন নোটে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর ছিল। দেশের নিয়ম অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর যে কোন নোটে থাকা বাধ্যতামূলক। সেই স্বাক্ষর দেখেই নোটের আসল-নকল পার্থক্য করা যায়।
নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সই-সহ নতুন ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাজারে আনার কথা মার্চেই ঘোষণা করেছে আরবিআই। সেই লক্ষ্যে শুরু হয়ে গিয়েছে কাজ। এবার ১০ টাকা এবং ৫০০ টাকার পালা। চারটি নোটের ক্ষেত্রেই নকশায় কোন রদবদল হচ্ছে না। কেবল গভর্নরের স্বাক্ষর বদল হবে। শীঘ্রই বাজারে চালু হবে নোটগুলো। তবে যে নোটগুলি বাজারে চালু রয়েছে, সেগুলির বৈধতা থাকবে।
গত বছর ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে মেয়াদ শেষ হয়েছে শক্তিকান্ত দাসের। তাঁর উত্তরসূরি হিসাবে নতুন দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। আরবিআই-এর ২৬'তম গভর্নর আসনে বসেছেন সঞ্জয়।
(The above story first appeared on LatestLY on Apr 05, 2025 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

