Pakistan Bans Its Airspace for India: বন্ধ পাক-আকাশসীমা, ঘুর পথ ধরবে আন্তর্জাতিক বিমান, যাত্রীদের জন্যে জারি ভ্রমণ পরামর্শ

পাকিস্তানের আকাশসীমা বন্ধের ফলে ভারত থেকে যাওয়া-আসা করা উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

Pakistan Bans Its Airspace for India: বন্ধ পাক-আকাশসীমা, ঘুর পথ ধরবে আন্তর্জাতিক বিমান, যাত্রীদের জন্যে জারি ভ্রমণ পরামর্শ
Delhi Airport (Photo Credits: X)

নয়াদিল্লি, ২৫ এপ্রিলঃ জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং নিরীহ ২৬ জন পর্যটকের নির্মম হত্যাকাণ্ড ভারত-পাকিস্তানের সংঘাত আরও চরমে তুলেছে। আগেই পাকিস্তানি নাগরিকদের জন্যে ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত। এবার পালটা ভারতের জন্যে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাক সরকার। যার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক পরিষেবা কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে ইতিমধ্যেই যাত্রীদের সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো।

এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার জেরে উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে আগত এবং সেদিকে যাওয়া বিমানকে বিকল্প পথ ধরতে হচ্ছে। যার ফলে যাত্রাপথে অতিরিক্ত সময় ব্যয় হবে। তাই সেই অনুযায়ী যাত্রীদের পরিকল্পনার করা বা সম্ভাব্য বিলম্ব ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। এই অপ্রত্যাশিত ভোগান্তির জন্যে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এয়ার ইন্ডিয়া  (Air India)।

ইন্ডিগোর (IndiGo) তরফেও এক্স হ্যান্ডেলে যাত্রীদের বার্তা দেওয়া হয়েছে, 'চলমান পরিস্থিতি এবং পাকিস্তানের আকাশসীমা বন্ধের কারণে, কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচী প্রভাবিত হতে পারে'।

পাকিস্তানের আকাশসীমা বন্ধের ফলে ভারত থেকে যাওয়া-আসা করা উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোকে বিকল্প বর্ধিত রুট ব্যবহার করতে হবে ওই সমস্ত গন্তব্যের জন্যে। আকাশসীমা বন্ধের পাশাপাশি ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধের সিদ্ধান্তও নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).