Jammu and Kashmir: খাঁ খাঁ করছে কাশ্মীর, ধসে পড়েছে পর্যটন শিল্প, তবে রবিতে ভূ-স্বর্গে অন্য চিত্র, জঙ্গি ভয় কাটিয়ে ফিরছে পর্যটকেরা
শ্রীনগর, ২৭ এপ্রিলঃ ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করেছিল ভূ-স্বর্গে। কিন্তু গত মঙ্গলবার, ২২ এপ্রিল ভারতীয় পর্যটকদের অন্যতম পছন্দের ভ্রমণকেন্দ্র জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) আচমকা জঙ্গি হামলার ঘটনা ফের উত্তেজনা ছড়িয়েছে সে রাজ্যে। পহেলগামের বৈসরন উপত্যকায় পাক জঙ্গিদের (Pahalgam Terrorist Attack) গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। ১ জন স্থানীয় ব্যবসায়ী। এই ঘটনা উপত্যকার ব্যবসায় বিরাট প্রভাব ফেলেছে। নিত্য ৫ হাজার থেকে ৭ হাজার পর্যটক ভূ-স্বর্গে ভ্রমণে আসতেন। সেখানে এখন সংখ্যাটা দাঁড়িয়েছে ৫০-১০০। আতঙ্কের ভূ-স্বর্গে পা রাখতে চাইছে না ভারতবাসী। খাঁ খাঁ করছে কাশ্মীরের জনপ্রিয় সমস্ত দর্শনীয় স্থানগুলো। কিন্তু রবিবার দেখা গেল অন্য চিত্র।
আজ রবিবার পহেলগেমের (Pahalgam) রাস্তায় বিদেশি পর্যটকেদের ঘুরে বেড়াতে দেখা গেল। দেশের নানাপ্রান্ত থেকেও পর্যটকেরা এসেছেন ভূ-স্বর্গ। আতঙ্ক কাটিয়ে, জঙ্গি ভয় ভুলে ধীরে ধীরে ফের কাশ্মীরমুখী হচ্ছেন পর্যটকেরা। জঙ্গি হামলার ঘটনার ১ সপ্তাহও পার হয়নি এরই মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর। পর্যটকদের আসতে দেখে মুখে হাসি ফুটছে স্থানীয় ব্যবসায়ীদেরও। কারণ যে কোন পর্যটন কেন্দ্রের আয়ের অনেকটা অংশই নির্ভর করে পর্যটন শিল্প থেকেই।
কাশ্মীর ঘুরতে আসা ক্রোয়েশিয়ার এক পর্যটক জানালেন, 'আমরা এখানে ৩-৪ দিন ধরে আছি এবং আমরা খুব নিরাপদ বোধ করছি। তোমাদের দেশটি খুবই সুন্দর। এখানে আমাদের কোনও সমস্যা হয়নি। কাশ্মীর সত্যিই সুন্দর এবং নিরাপদ।
গুজরাট থেকে আসা সুরাটের একজন পর্যটক মোহাম্মদ আনাস বললেন, 'পহেলগাম জঙ্গি হামলার পর আমার ফিরে যেতে চেয়েছিলাম। সেনাবাহিনী, সরকার এবং স্থানীয় মানুষজন আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এবং ভ্রমণ চালিয়ে যাওয়ার জন্যে উৎসাহিত করেছেন। তাই ভয় কাটিয়ে রয়ে গিয়েছি আমার'।
ভূ-স্বর্গে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই পর্যটকেরা ব্যাগ পত্র গুছিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাদের আসার কিথা ছিল তাঁরাও বাতিল করে দেন বুকিং। এক ধাক্কায় ধস নামে কাশ্মীরের পর্যটন শিল্পে। তবে ঘটনার এক সপ্তাহ পার হওয়ার আগেই স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর। সংখ্যায় কম হলেও আসছেন পর্যটকেরা। একেবারে তাঁরা মুখ ঘুরিয়ে নেয়নি কাশ্মীর থেকে। মঙ্গলবারের জঙ্গি হামলার পর থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে ভূ-স্বর্গের নিরাপত্তা।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

