Delhi Election Results: কেজরিওয়াল থেকে সিসোদিয়া, রমেশ বিধুরী, দিল্লি ভোটে পরাজিত তারকা প্রার্থীরা

মোদীর অধরা মাধুরী দিল্লিতে হচ্ছে ডবল সরকার। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে জিতেছে, সেখানে আপ পেয়েছে মাত্র ২২টি আসন।

Delhi Election Results: কেজরিওয়াল থেকে সিসোদিয়া, রমেশ বিধুরী, দিল্লি ভোটে পরাজিত তারকা প্রার্থীরা
Arvind Kejriwal (Photo Credit: ANI/X)

Delhi Election Results 2025: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দুর্গ ভেঙে চুরমার। নরেন্দ্র মোদী ঝড়ে দীর্ঘ ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরল বিজেপি। মোদীর অধরা মাধুরী দিল্লিতে হচ্ছে ডবল সরকার। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে জিতেছে, সেখানে আপ পেয়েছে মাত্র ২২টি আসন। অন্যদিকে, এবারও খালি হাতে ফিরতে হল কংগ্রসেকে। গতবারের চেয়ে বিজেপি ৪১টি আসন বেশী পেল, অন্যদিকে আপের আসন কমল ৪১টি।

অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সৌরাভ ভরদ্বাজ, সোমনাথ ভারতী সহ আপের বেশীরভাগ শীর্ষ নেতাই নির্বাচনী যুদ্ধে পরাস্ত হয়েছে। তবে ব্যবধান কম হলেও জিতেছেন মুখ্যমন্ত্রী থাকা অতীশী, গোপাল রাই। অরবিন্দ কেজরিওয়ালকে নিউ দিল্লি আসনে হারিয়ে ম্যান অফ দি ম্যাচ প্রাক্তন সাংসদ তথা বিজেপির দাপুটে নেতা পরভেশ ভর্মা।

আরও পড়ুন-অধরা মাধুরী জয় মোদীর, যে মন্ত্রে দিল্লিতে কেজরি বধ বিজেপির

দিল্লি দাঙ্গায় নাম জড়ানো কপিল মিশ্র জিতেছেন কারওয়াল নগর থেকে। এর আগে এই কেন্দ্র থেকে ২০১৫ বিধানসভায় আপের টিকিটে জিতে ছিলেন কপিল। দিল্লির বেশীরভাগ এলাকায় একেবারে বিজেপি ঝড় চলেছে। কেজরিওয়াল, সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ সহ অন্তত ১০টি আসনে আপ প্রার্থীদের জয়ের ব্যবধান কংগ্রেসের প্রার্থীদের প্রাপ্ত ভোটের কম। তার মানে লোকসভায় ইন্ডিয়া জোটের হয়ে লড়া দুই দলের ভোট ভাগাভাগির সুফল পেয়েছে বিজেপি।

এবার এক নজরে দেখে নেওয়া যাক দিল্লি ভোটে যে সব হেভিওয়েট প্রার্থীরা হেরে গেলেন-

অরবিন্দ কেজরিওয়াল, আপ (নতুন দিল্লি)-

শুধু দল নয়, কেজরিওয়াল নিজের কেন্দ্রেও হারলেন। যে নতুন দিল্লি আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে কেজরিওয়ালের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, সেখানেই আপ সুপ্রিমো হারলেন বিজেপির প্রাক্তন সাংসদ পারভেশ ভর্মার কাছে।

তিনবারের বিধায়ক কেজরিওয়াল হারলেন ৪ হাজার ৮৯ ভোটে। গতবার আপ প্রধান পেয়েছিলেন ৬১ শতাংশ ভোট, পাঁচ বছরে তাঁর প্রাপ্ত ভোট কমল প্রায় ২০ শতাংশ। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীতের ছেলে সন্দীপ দিক্ষীত পেলেন মাত্র সাড়ে ৪ হাজার ভোট।

মণীশ সিসোদিয়া, আপ (জঙপুরা)-

অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া হারলেন মাত্র ৬৭৫ ভোটের ব্যবধানে। মণীশ সিসোদিয়াকে হারালেন বিজেপির তারভিন্দার সিং মারওয়া। কংগ্রেস প্রার্থী ফারহাদ সুরি সেখানে পেলেন ৭ হাজার ৩৫০টি ভোট। পারপতগঞ্জ থেকে কেন্দ্র বদল করে সিসিদোয়া এবার জঙপুরায় দাঁড়ান। গতবার এই আসনে আপ প্রার্থী প্রবীণ কুমার প্রায় ২৬ হাজার ভোটে জিতেছিলেন।

সোমনাথ ভারতী, আপ (মালব্য নগর)-

আপের বিশিষ্ট আইনজীবী সোমনাথ ভারতী প্রেস্টিজ ফাইটে মালব্য নগরে হারলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী সতীশ উপাধ্যায়ের বিরুদ্ধে। এই আসনে তিনবারের বিধায়ক সোমনাথ ভারতী-কে ২১৩১ ভোটের ব্যবধানে হারালেন বিজেপির দাপুটে নেতা সতীশ। কংগ্রেস প্রার্থী জিতেন্দর কোচার সেখানে পেলেন ৬ হাজার ৭৭০টি ভোট।

সৌরভ ভরদ্বাজ, আপ (গ্রেটার কৈলাশ)-

বিজেপি প্রার্থী শিখা রায়ের বিরুদ্ধে দিল্লির আপ মন্ত্রী সৌরভব ভরদ্বাজ হারলেন ৩ হাজার ১০০ ভোটের ব্যবধানে। সেখানে কংগ্রেস প্রার্থী গার্ভিত সাংভি পেলেন ৬ হাজার ৭৭১টি ভোট। গত তিনটি বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লির এই বিধানসভা আসনে জিতে মন্ত্রী হয়েছিলেন সৌরভ ভরদ্বাজ।

রমেশ বিধুরী, বিজেপি (কালকাজি)-

বিজেপির প্রাক্তন সাংসদ তথা কু-ভাষণে অভিযুক্ত নেতা রমেশ বিধুরী সাড়ে ৩ হাজার ভোটের ব্যবধানে হারলেন মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে। কংগ্রেসের তারকা প্রার্থী আলকা আলম্বা সেখানে পেলেন ৪ হাজার ৩৯১টি ভোট।

অবোধ ওঝা, আপ (পারপতগঞ্জ)-

আপের বিশিষ্ট শিক্ষাবিদ প্রার্থী অবোধ ওঝা প্রথমবার নির্বাচনে ডুবে বড় ব্যবধানে হারলেন। মণিশ সিসোদিয়ার কেন্দ্রে দাঁড়িয়ে অবোধ ওঝা প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে হারলেন বিজেপির রবিন্দর সিং নেগির বিরুদ্ধে। গতবার এই আসনে মণিশ সিসোদিয়ার জয়ের ব্যবধান ছিল প্রায় ৩ হাজার।

(The above story first appeared on LatestLY on Feb 08, 2025 10:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).