Delhi Building Collapses Video: প্রবল বৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হল আবাসন, দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে যাওয়ার ক্যামেরাবন্দি মুহূর্তটি দেখুন

উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় চারতলা বাড়ি ভেঙে পড়ার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে সমাজমাধ্যমে। আর সেখানেই দেখা গিয়েছে কীভাবে রাতের অন্ধকারে বালির বাঁধের মত ভেঙে গুঁড়িয়ে গিয়েছে মস্ত বাড়ি।

Delhi Building Collapses Video: প্রবল বৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হল আবাসন, দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে যাওয়ার ক্যামেরাবন্দি মুহূর্তটি দেখুন
Delhi Building Collapses Video (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ১৯ এপ্রিলঃ প্রবল বৃষ্টির মাঝে দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। চারতলা বাড়ির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে এখনও অবধি চারজনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। এখনও আটকে রয়েছেন অনেকে। চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে উদ্ধারকারী দল। পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী একত্রে চালাচ্ছে উদ্ধারকাজ। উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় চারতলা বাড়ি ভেঙে পড়ার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে সমাজমাধ্যমে। আর সেখানেই দেখা গিয়েছে কীভাবে রাতের অন্ধকারে বালির বাঁধের মত ভেঙে গুঁড়িয়ে গিয়েছে মস্ত বাড়ি। চারিদিক ধুলোয় ধুলো ছড়িয়ে পড়ে। ধুলোর অন্ধকারে ঢেকে যায় সিসি ক্যামেরাও।

শনিবার গভীর রাত ৩টের একটু আগে বাড়িটি ভেঙে পড়েছে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। বাড়ি ভেঙে পড়ার বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় প্রতিবেশীদের। বিছানা ছেড়ে তড়িঘড়ি ছুটে আসেন একে একে সবাই। হইচই কাণ্ড বেধে যায় মুস্তাফাবাদ এলাকায়। ধ্বংসাবশেষের নীচে চাপা পরে চারজন আবাসিক ঘুমের মধ্যেই চলে গেলেন। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপ সরিয়ে ১৪ জনকে এখনও অবধি উদ্ধার করা গিয়েছে। তার মধ্যেই চারজন মৃত।

গভীর রাতে বাড়ি ভেঙে পড়ার মুহূর্ত সিসি ক্যামেরা বন্দিঃ

টানা কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে রেহাই দিয়ে শুক্রবার জাতীয় রাজধানী দিল্লিতে শান্তির বৃষ্টি শুরু হয়েছে। তবে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় তা অশান্তি ডেকে আনল। তাসের ঘরের মত ভেঙে পড়ল চারতলা আবাসন। প্রবল বৃষ্টির জেরেই বাড়িটি ভেঙে পড়েছে বলেই অনুমান করছে পুলিশ। একদিকে চলছে উদ্ধারকাজ। অন্যদিকে পুলিশ বাড়ি ভেঙে পড়ার নিশ্চিত কারণের তদন্ত শুরু করেছে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).