Udhampur: উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে প্রাণ হারালেন বাংলার যুবক, পহেলাগামের ঘটনার পর উপত্যকায় অব্যাহত তল্লাশি অভিযান
পহেলগামের ঘটনার পর এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিদের খুঁজে পায়নি সেনা জওয়ান। গোটা জম্মু-কাশ্মীরে চিরুনি তল্লাশি চালানোর পরেও তাঁদের কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না।
পহেলগামের (Pahalgam) ঘটনার পর এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিদের খুঁজে পায়নি সেনা জওয়ান। গোটা জম্মু-কাশ্মীরে চিরুনি তল্লাশি চালানোর পরেও তাঁদের কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না। এদিকে এই তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় জওয়ানের। শহিদ জওয়ানের নাম ঝন্টু আলি শেখ, তিনি নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। শোকপ্রকাশ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
উধমপুরে শহিদ এক জওয়ান
জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই উধমপুরের (Udhampur) ডুডু-বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সেই সময়ই তাঁদের ওপর হামলা চালায় একদল জঙ্গি। পাল্টা হামলা করে যৌথ বাহিনীও। আর সেই গুলি বিনিময়ের মধ্যেই শহিদ হন ঝন্টু। যদিও এই জঙ্গিরা পহেমগামের ঘটনায় যুক্ত ছিল কিনা সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
উরিতে খতম দুই জঙ্গি
অন্যদিকে আবার বৃহস্পতিবারই উরিতে সীমান্তবর্তী এলাকায় দুই জঙ্গিকে খতম করা হয়। জানা যাচ্ছে, সীমান্ত এলাকায় পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করার সময়ই তাঁদের গুলি করে মেরে ফেলা হয়। যদিও এরাও পহেলগামের ঘটনায় যুক্ত ছিল না বলে খবর।
(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 08:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

