Weather Forecast Of Bengal: বঙ্গোপসাগরের ওপরে আবারও নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর

Weather Forecast Of Bengal: বঙ্গোপসাগরের ওপরে আবারও নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
1108 IMD Forecast (Photo Credit: X@@airnewsalerts)

বঙ্গোপসাগরের ওপরে আবারও তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও চলবে ঝড়-বৃষ্টি। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে মঙ্গলবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে আবার ঝড়-বৃষ্টি শুরু হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, থামছে না। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 09:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).