Photo Credits: Wikimedia Commons and FB

WB Pending DA Arrears: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের ক্ষেত্রে এক বড় আপডেট সামনে এসেছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশিকাকে মান্যতা দিয়ে দীর্ঘদিনের বকেয়া টাকা হস্তান্তরের জন্য রাজ্য শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তর যৌথভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। সাধারণত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন ও ভাতা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম বা ওএসএমএস পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নিখুঁত হিসেব পেতে একটি উন্নত ও নতুন মডিউল অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন ওএসএমএস মডিউলের প্রস্তুতি ও কার্যপদ্ধতি

শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বকেয়া ডিএ হিসেব করার উদ্দেশ্যে নতুন যে ওএসএমএস মডিউলটি তৈরি করা হয়েছে, তার প্রাথমিক টেকনিক্যাল ডিজায়েনিং সম্পন্ন হয়েছে। বর্তমানে এই সফটওয়্যার মডিউলটি ডামি মোড বা ট্রায়াল ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নীতিগত নির্দেশিকা এবং নির্দিষ্ট শতাংশের ডেটা সিস্টেমে যুক্ত করা মাত্রই পোর্টালে এই সেবা সক্রিয় হয়ে যাবে। এর আগে বেতন সংশোধন অর্থাৎ রোপা পে ফিক্সেশনের সময়েও ঠিক একই ধরনের মডিউল সফলভাবে ব্যবহার করা হয়েছিল।

দুটি ভিন্ন ধাপে সম্পন্ন হবে বকেয়া ডিএ হিসাব

শিক্ষা দপ্তরের পরিকল্পনা অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার হিসেবমূলয়ন প্রধানত দুই ধাপে পরিচালনা করা হবে:

১. প্রথম পর্যায়: প্রাথমিক পর্যায়ে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়সীমার বকেয়া ডিএ গণনার কাজ শেষ করা হবে।

২. দ্বিতীয় পর্যায়: প্রথম পর্বের কাজ সমাপ্ত হওয়ার পর ২০০৮ থেকে ২০১৫ সময়কালের বকেয়া হিসাব সম্পূর্ণ করা হবে।

যাঁরা ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালে নিরবচ্ছিন্নভাবে চাকরিরত ছিলেন, তাঁদের গণনার কাজ ওএসএমএস পোর্টালেই প্রক্রিয়াভুক্ত হবে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান বা এইচওআই এবং অবর বিদ্যালয় পরিদর্শক বা এসআই লগইনের মাধ্যমে সার্ভিস বুক অনুযায়ী ডেটা যাচাই ও আপলোড নিশ্চিত করবেন।

অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে কার্যকর নিয়মবলী

উক্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবসর গ্রহণকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য পৃথক নিয়ম নির্ধারণ করা হয়েছে:

২০০৮ থেকে ২০১৯ এর মধ্যে অবসরপ্রাপ্ত: কর্মজীবনের বকেয়া অংশের হিসাব ওএসএমএস মারফত সম্পন্ন হবে, কিন্তু পেনশনের বকেয়া অংশের গণনা সংশ্লিষ্ট সরকারি ট্রেজারি অফিসের মাধ্যমে পরিচালনা করা হবে।

২০০৮ সালের পূর্বে অবসরপ্রাপ্ত:এই শ্রেণির পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মীদের হিসেব ওএসএমএস পোর্টালে থাকবে না। তাঁদের ক্ষেত্রে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে আলাদা নির্দেশনা অনুসৃত হবে।