Durgapur: এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, সাফাইকর্মীর ও ফুল বিক্রেতার তৎপরতায় পুলিশের জালে দুই অভিযুক্ত
দিনেদুপুরে প্রকাশ্যে এটিএম ভেঙে লুটের চেষ্টা করল দুই দুষ্কৃতি। কিন্তু স্থানীয় এক সাফাইকর্মীর নজরে আসতেই তাঁরা পালানোর চেষ্টা করে।
দিনেদুপুরে প্রকাশ্যে এটিএম ভেঙে লুটের চেষ্টা করল দুই দুষ্কৃতি। কিন্তু স্থানীয় এক সাফাইকর্মীর নজরে আসতেই তাঁরা পালানোর চেষ্টা করে। অবশেষে পুলিশ এসে অভিযুক্তদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল দুর্গাপুর (Durgapur) নিউটাউনশিপ থানা এলাকার বিধাননগর ফাঁড়ির কাছে এডিডিএ মার্কেটের কাছে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে। ইতিমধ্যেই ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, কোনও টাকা আপাতত খোয়া যায়নি।
জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা নাগাদ বাইকে করে দুই যুবক এটিএমের সামনে আসে। এরপর তাঁরা ভেতরে ঢুকে মেশিনের স্ক্রু খোলার চেষ্টা করে। সেই সময় আচমকাই বিষয়টি নজরে আসে এক সাফাইকর্মীর। সে বাইরে থেকে চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। ভ্যাবাচাকা খেয়ে দুই যুবক কাউন্টারের বাইরে বেরিয়ে পালানোর চেষ্টা করে।
তখন স্থানীয় এক ফুল বিক্রেতা এক দুষ্কৃতির পিছু নিয়ে তাঁকে ধরে ফেলে। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে পুলিশ। তাঁরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে কিছুক্ষণের মধ্যে আরেকজনকে পাকড়াও করেন। পুলিশের প্রাথমিক অনুমান, দুই যুবকই ভিনরাজ্য থেকে এসেছিল। তবে তাঁদের সঙ্গে আরও কেউ রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 07:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

