Higher Secondary Results: আজ প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল, কখন-কোথায় দেখবেন রেজাল্ট?
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল আজ প্রকাশিত হবে। বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর দুটো থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, result.wb.gov.in এবং www.results.shiksha ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। স্কুল কর্তৃপক্ষ রেজাল্টের স্টেটমেন্ট ডাউনলোড করে পরীক্ষার্থীদের দিতেপারবে। চলতি বছর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা হয় ওএমআর শিটে। এবার এক মাস ৯ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে প্রথম পর্বের ফল।
এবারে পরীক্ষার্থীরা কোনও মার্কশিটের কপি পাবেন না। তার বদলে অনলাইনে যে ফলাফল জানতে পারবেন সেখানেই বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, মোট পারসেন্টাল, বিষয় ভিত্তিক পার্সেন্টাল বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। সংসদ বলছে এবার পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩। ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ছাত্র ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন। ছাত্রী ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ জন। পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ মানুষ। সব মিলিয়ে অনুপস্থিত ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী।
অন্যদিকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে। এই দুই সেমিস্টারের প্রাপ্ত নম্বরের যোগ ফলের ভিত্তিতেই পাশ ও ফেল নির্ধারিত হবে। তবে তৃতীয় সেমিস্টারে কারও ফল খারাপ হলে সেই পরীক্ষার্থীর জন্য চতুর্থ সেমিস্টারে ভাল করার সুযোগ থাকছে।
(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

