Dengue Situation In Kolkata: ভারী বৃষ্টিতে জমেছে জল, গত ৫ই অক্টোবর পর্যন্ত শহরে মোট ৭৯১ জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে জানাল পুরসভা
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ৫ই অক্টোবর পর্যন্ত শহরে মোট ৭৯১ জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে। গতবছর একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৯ জন। তবে ২০২৩ সালের তুলনায় এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কম রয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গতমাসের শুরুতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫০৯ জন যা চলতি মাসের শুরুতে প্রায় আড়াইশো জন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৯১ জন। তবে তা নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কারণ নেই বলে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রনিতা সেনগুপ্ত আশ্বস্ত করেন। বৃষ্টিপাতের পরিমাণ কমলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তার পাশাপাশি শহরবাসীকে সাবধানতা অবলম্বন করার বার্তা দেন তিনি।
এদিকে, ডেঙ্গুর প্রকোপ রুখতে শহরের সমস্ত পুজো প্যান্ডেল তৈরীতে ব্যবহৃত বাঁশ-এর কাঠামো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে পুজো মণ্ডপের আশেপাশে ও মণ্ডপ তৈরীতে ব্যবহৃত বাঁশের মাথায় জল জমে ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরী হওয়া আটকাতে পুরসভার তালিকাভুক্ত প্রত্যেকটি পুজো কমিটির উদ্দেশ্যে আজ ডেঙ্গু প্রতিরোধমূলক একটি নির্দেশিকা জারি করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ। এছাড়া, পুরকর্মীদের মাধ্যমে পুজো মণ্ডপের আশেপাশে মশা নিরোধক স্প্রে ছড়ানোর ব্যবস্থা করা হবে বলে মেয়র জানান।
(The above story first appeared on LatestLY on Oct 10, 2025 10:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

