WTC Points Table: বিশ্ব টেস্টের ফাইনালে উঠতে ৯টি ম্যাচের মধ্যে কটায় জিততে হবে টিম ইন্ডিয়াকে

WTC Points Table: টেস্ট ক্রিকেটে টানা অফ-ফর্মের পর আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) প্রত্যাবর্তনের মুখে ভারত। তবে টুর্নামেন্টের ফাইনালের দৌড়ে টিম ইন্ডিয়ার টিকে থাকা এখন ঝুলে রয়েছে সূক্ষ্ম সুতোয়।

WTC Points Table: বিশ্ব টেস্টের ফাইনালে উঠতে ৯টি ম্যাচের মধ্যে কটায় জিততে হবে টিম ইন্ডিয়াকে
Shubman Gill (Photo Credit: ESPNCricinfo/ X)

WTC Points Table: টেস্ট ক্রিকেটে টানা অফ-ফর্মের পর আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) প্রত্যাবর্তনের মুখে ভারত। তবে টুর্নামেন্টের ফাইনালের দৌড়ে টিম ইন্ডিয়ার টিকে থাকা এখন ঝুলে রয়েছে সূক্ষ্ম সুতোয়। হাতে বাকি আর মাত্র ৯টি টেস্ট। আর লর্ডসের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে শুভমন গিলের দলকে এখন থেকে প্রায় প্রতিটি ম্যাচেই জয় তুলে নিতে হবে। আফগানিস্তানের বিরুদ্ধে একটা টেস্টের সিরিজ জয়ের পর এবার শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। সেখানে দুই টেস্টের সিরিজ খেলতে নামছেন শুভমন গিলরা।

ব্যাটিং ডুবিয়েছে টিম ইন্ডিয়াকে

তবে গত দুই বছরে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা যে জায়গায় পৌঁছেছে, শ্রীলঙ্কার মাটিতে সেই স্পিন-পরীক্ষাই গিল বাহিনীর প্রধান বাধা হতে চলেছে। ২০২৫ সালে টেম্বা বাভুমার বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকার কাছে পর্যুদস্ত হওয়ার পর এই প্রথম ফের টেস্ট চ্যাম্পিয়নশিপের আঙিনায় নামছে ভারত।

টিম ইন্ডিয়ার পারফরম্যান্স

২০২৪-এর মাঝামাঝি সময় থেকে ধরলে WTC চক্রে ভারতের সাফল্য বলতে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হার, অস্ট্রেলিয়া সফরে পরাস্ত হওয়া এবং ইংল্যান্ডের মাটিতে শেষ মুহূর্তে ড্র,ভারতের পরিসংখ্যান মোটেই স্বস্তিদায়ক নয় (অবশ্য নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় ছিল ২০২৩-২৫ চক্রের অংশ)। পরপর এমন পারফরম্যান্সের কারণে টানা দু’বারের ফাইনালিস্ট ভারত এখন পয়েন্ট তালিকার ৫ নম্বর স্থানে নেমে এসেছে। ৯টি টেস্টের মধ্যে ৪টিতে জয়, ৪টিতে হার এবং ১টিতে ড্র নিয়ে ভারতের শতকরা পয়েন্ট (PCT) এখন দাঁড়িয়েছে মাত্র ৪৮.১৫ শতাংশে।

ভারতের বাকি সূচি ও কঠিন সমীকরণ

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর ৯টি ম্যাচ বাকি রয়েছে। আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টেস্ট খেলার পর, নভেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে ২টি এবং ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট খেলবে ভারত।

কে কোথায় দাঁড়িয়ে

ফাইনালের দৌড়ে নিজেদের পয়েন্ট ৬০ শতাংশের উপরে নিয়ে যেতে হলে ভারতকে এই ৯টি টেস্টের মধ্যে অন্তত ৭টিতে জয় পেতেই হবে। কোনো পয়েন্ট নষ্ট করার সুযোগ গিল বাহিনীর হাতে আর নেই। অন্যদিকে, বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষ তিনে থাকা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, তিনটি দলেরই ঝুলিতে রয়েছে ৭০ শতাংশেরও বেশি পয়েন্ট।

কারা এগিয়ে ফাইনালে ওঠার দৌড়ে?

২০২৩ সালের চ্যাম্পিয়ন এবং ২০২৫-এর ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে। ৮টি টেস্টের মধ্যে ৭টিতে জিতে দারুণ ফর্মে রয়েছে তারা। এই চক্রে অজিদের এখনও ১৪টি টেস্ট খেলা বাকি। ওদিকে দক্ষিণ আফ্রিকাও নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে, ফলে তাদের অবস্থানও যথেষ্ট মজবুত। সব মিলিয়ে, টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতীয় দলকে যেমন নিজেদের উজাড় করে অসাধারণ ক্রিকেট খেলতে হবে, তেমনই নজর রাখতে হবে অন্য দলগুলির পয়েন্ট টেবিলের সমীকরণের দিকেও।

(The above story first appeared on LatestLY on Aug 11, 2026 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).