MI vs LSG: টানা পাঁচ ম্যাচে জিতে প্রথম চারে ঢুকলেন হার্দিকরা, বুমরার আগুন, সূর্যর বিস্ফোরণে মুম্বইয়ে স্বপ্নের আকাশ

ব্যাটে-বলে, ফিল্ডিংয়ে ঋষভ পন্থদের একেবারে ধরাশায়ী করলেন হার্দিকরা। প্রথমে ব্যাট করে মুম্বই করেছিল ৭ উইকেটে ২১৫ রান।

MI vs LSG: টানা পাঁচ ম্যাচে জিতে প্রথম চারে ঢুকলেন হার্দিকরা, বুমরার আগুন, সূর্যর বিস্ফোরণে মুম্বইয়ে স্বপ্নের আকাশ
Jasprit Bumrah. (Photo Credits:X)

মুম্বই, ২৭ এপ্রিল: দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই, হায়দরাবাদ-এর পর এবার লখনৌকে হারিয়ে চলতি আইপিএলে টানা পাঁচটি ম্যাচে জিতল মুম্বই ইন্ডিয়ন্স। রবিবার ওয়াংখেড়েতে অনবদ্য খেললেন মুম্বই ইন্ডিয়ন্সের ক্রিকেটরা। ব্যাট হাতে সূর্যকুমার যাদব (২৮ বলে ৫৪)-এর বিস্ফোরণ, বল হাতে জশপ্রীত বুমরা (৪/২২)-র আগুনে স্পেলে অনায়াসে ঋষভ পন্থের লখনৌকে হারাল মুম্বই। লখনৌতে চলতি আইপিএলে ঋষভ পন্থের সঙ্গে হারের মধুর প্রতিশোধ তুলে পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়লেন হার্দিক পান্ডিয়া-রা। এবারের আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচে হার্দিক পান্ডিয়ারা মাত্র ১টি ম্যাচে জিতেছিলেন, কিন্তু এরপর টানা পাঁচটা ম্যাচে জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দৌড়ে ভালভাবেই থাকল মুম্বই। অন্যদিকে, ১০ ম্যাচে ১০ পয়েন্টে থমকে থাকে ৬ নম্বরে থাকা লখনৌয়ের কাছে প্লে অফের লড়াই কঠিন হল।

শোধ তুললেন হার্দিকরা

ব্যাটে-বলে, ফিল্ডিংয়ে ঋষভ পন্থদের একেবারে ধরাশায়ী করলেন হার্দিকরা। প্রথমে ব্যাট করে মুম্বই করেছিল ৭ উইকেটে ২১৫ রান। অবিশ্বাস্য বিস্ফোরক ইনিংস খেলেন ওপেনার আম্বানিদের প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন (৩২ বলে ৫৮) ও সূর্যকুমার যাদব (২৮ বলে ৫৪)। চলতি আইপিএলে এরই মধ্যে ৪০০-র বেশী রান করে সূর্যকুমার যাদবই এখন কমলা টুপির মালিক।

টানা পাঁচ ম্য়াচে জয় মুম্বইয়ের

 

সাড়ে ২৭ কোটির পন্থ ফের ব্যাট হাতে ব্যর্থ

জবাবে ব্যাট করতে নেমে কখনই জেতার মত খেলেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। চারে নেমে অধিনায়ক ঋষভ পন্থ (৪) ফের ব্যর্থ হলেন। লখনৌয়ের সেরা ব্যাটার নিকোলাস পুরান (২৭) ফেরার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল পন্থরা হারবেন, সেটাই হয়। বুমরা আউট করেন আইডেন মার্করাম, ডেভিড মিলার, আব্দুল সামাদ ও আবেশ খান-কে। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও উইল জ্যাকস।

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 07:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).