IPL 2022: হারতে হারতে আটটা ম্যাচ হয়ে গেল মুম্বই ইন্ডিয়ন্স-এর, রাহুলদের কাছে পরাস্ত হয়ে বিদায় রোহিত শর্মা-দের
টানা আটটা ম্যাচ হেরে আইপিএল ২০২২-থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ন্স। রবিবার লখনৌ সুপার জায়েন্টেসের কাছে ৩৬ রানে হেরে চলতি আইপিল থেকে বিদায় নিল রোহিত শর্মা-র দল।
মুম্বই, ২৪ এপ্রিল: টানা আটটা ম্যাচ হেরে আইপিএল ২০২২ (IPl 2022) -থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। রবিবার লখনৌ সুপার জায়েন্টেসের কাছে ৩৬ রানে হেরে চলতি আইপিল থেকে বিদায় নিল রোহিত শর্মা (Rohit Sharma)-র দল। ট্রফি জয়ের বিচারে আইপিএলের সফলতম দল এবার আটটা খেলে আটটাতেই হারল। মুম্বই তাদের লিগের বাকি ছটা ম্যাচে জিতলেও আর প্লে অফে ওঠার সম্ভাবনা নেই। টুর্নামেন্ট শুরুর আগে ভাবাই যায়নি এত বড় ভরাডুবি হবে মুম্বই ইন্ডিয়ন্সের।
লখনউ সুপার জায়েন্টেস অধিনায়ক লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরিতে ৩৬ রানে হারলেন রোহিতরা। প্রথমে ব্যাট করে লখনৌ সুপার জায়েন্টস করে ১৬৮ রান। লোকেশ রাহুল (১০৩) দারুণ ইনিংস খেলে আইপিএলের ইতিহাসে তাঁর তৃতীয় সেঞ্চুরি করলেও, দলের আর কেউ খেলতে না পারায় লখনৌয়ের রানটা তেমন বেশি হয়নি। কিন্তু রোহিতরা এবার এত খারাপ খেলছেন, তাতে এই রানটাই পাহাড় প্রমাণ হয়ে যায় আম্বানিদের ফ্র্যাঞ্চাইজির কাছে। আত্মবিশ্বাস এত তলানিতে ঠেকে আছে মুম্বইয়ের যে খেলার আগেই যেন হেরে বসে আছেন রোহিতরা। আরও পড়ুন: উইকেট ভেঙে উইকেট নিলেন হাসান আলি, দেখুন ভাইরাল ভিডিও
ইশান কিষাণ (৮), সূর্যকুমার যাদব (৭)-দের মত নিলামে অনেক টাকায় কেনা ক্রিকেটাররা আবার ব্যর্থ হলেন। রোহিত (৩৯) কিছুটা রান পেলেও যথেষ্ট ছিল না। শেষ অবধি নির্ধারিত কুড়ি ওভারে মুম্বই করল ৮ উইকেটে ১৩২ রান। ১৯ রানে ৩ উইকেট নেন লখনৌয়ের স্পিনার ক্রুনাল পান্ডিয়া। ৮ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লোকেশ রাহুলরা এখন পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়লেন।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2022 12:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

