INDW vs SAW: স্নেহার পাঁচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দুই ম্যাচে জয়ী হরমনপ্রীতরা

শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৫ রানে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার কলম্বোয় উত্তেজক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৫ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেন হরমনপ্রীত কৌর-রা।

INDW vs SAW: স্নেহার পাঁচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দুই ম্যাচে জয়ী হরমনপ্রীতরা
Indian Women Teram bats South Africa. (Photo Credits:X)

কলম্বো, ২৯ এপ্রিল: শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৫ রানে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার কলম্বোয় উত্তেজক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৫ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেন হরমনপ্রীত কৌর-রা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারতের মেয়েরা করেছিল ২৭৬ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৬১ রানে (৪৯.২ ওভার)। দেরাদুনের অফ স্পিনার স্নেহ রানা-র ৩৪ রান দিয়ে ৫ উইকেটের দুরন্ত স্পেল আর ওপেনার প্রতিকা রাওয়েলের ৭৮ রানের ইনিংসে ভর করে টানা দুটো ম্যাচে জিতল ভারতীয় মহিলা দল।

দুরন্ত সেঞ্চুরি করেও হারলেন প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটস

দুরন্ত সেঞ্চুরি করেও হারলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস (১০৭ বলে ১০৯)। দক্ষিণ আফ্রিকা যখন জয় থেকে ১৩ বলে ২৪ রানে দূরে, হাতে দু উইকেট, তাজমিনকে ক্যাচ অ্যান্ড বল করে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান স্নেহা। প্রোয়িটাদের শেষ ব্যাটার নোনকুলুলুকো মালাবা রান আউট হতেই হ্যারিদের জয় নিশ্চিত হয়। ওপেনিং জুটিতে দুই প্রোটিয়া ওপেনার অধিনায়িকা লৌরা ওলভারডাট (৪৩) ও তাজমিন ব্রিটস (১০৯) ১৪০ রান যোগ করেন। মিডল অর্ডারের ব্যর্থতায় ডুবল দক্ষিণ আফ্রিকা। এদিন ব্যাট হাতে প্রতিকা ছাড়া ভাল খেলেন স্মৃতি মন্ধনা (৩৬), হরমনপ্রীত কৌর (৪১ অপরাজিত) ও জেমামাইমা রডরিগেজ (৩২ বলে ৪১)। বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ ৬ নম্বরে নেমে ১৪ বলে গুরুত্বপূর্ণ ২৪ রান করেন।

দারুণ জয় হ্যারিদের

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারতের মেয়েরা

রবিবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়োজক দেশ শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছিলেন হ্যারি-রা। লিগ পর্যায়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী তিনটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। এবার হরমনপ্রীতদের লিগের শেষ দুটি ম্যাচ শ্রীলঙ্কা (৪ মে) ও দক্ষিণ আফ্রিকা (৭ মে)-র বিরুদ্ধে। আর একটি ম্যাচে জিতলেই সরাসরি ফাইনালে উঠে যাবে ভারত। এমনকি দুটো ম্যাচে হারলেও হরমনপ্রীতরা ফাইনালে উঠে যেতে পারবেন।

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).