অবৈধ জুতো পরে ট্র্যাকে নামায় সোনা কেড়ে নেওয়া হল কাজাখস্তানের ইয়াসমিনার

এশিয়ান গেমস ২০২৬-এ ঘটল চরম এক নাটকীয় ঘটনা। মহিলাদের ম্যারাথন রেস ওয়াকে প্রথম স্থান অধিকার করে সোনা জেতার পরও তা খোয়াতে হলো কাজাখস্তানের অ্যাথলিট ইয়াসমিনা তোকসানবায়েবাকে।

অবৈধ জুতো পরে ট্র্যাকে নামায় সোনা কেড়ে নেওয়া হল কাজাখস্তানের ইয়াসমিনার
Asian Games 2026 Yasmina Toxanbayeva. (Photo Credits:X)

Asian Games 2026 Yasmina Toxanbayeva: এশিয়ান গেমস ২০২৬-এ ঘটল চরম এক নাটকীয় ঘটনা। মহিলাদের ম্যারাথন রেস ওয়াকে প্রথম স্থান অধিকার করে সোনা জেতার পরও তা খোয়াতে হলো কাজাখস্তানের অ্যাথলিট ইয়াসমিনা তোকসানবায়েবাকে। জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স’-এর অনুমোদিত তালিকার বাইরে থাকা ‘বেআইনি’ জুতো পরে প্রতিযোগিতা করার অপরাধে তাঁকে সরাসরি ডিসকোয়ালিফাই বা অযোগ্য ঘোষণা করা হয়। জাপানের নাগোয়া শহরে আয়োজিত 'আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমস'-এ গত রবিবারমহিলাদের ম্যারাথন রেস ওয়াকে ৩ ঘণ্টা ২২ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে পয়লা নম্বর হয়ে রেস শেষ করেছিলেন কাজাখস্তানের এই ওয়াকার।

কেড়ে নেওয়া হল সোনা

দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীর চেয়ে প্রায় চার মিনিট আগেই ফিনিশ লাইন অতিক্রম করেছিলেন তিনি। তবে রেস শেষ হওয়ার পরেই পদক প্রদান অনুষ্ঠান স্থগিত রেখে টেকনিক্যাল অফিশিয়ালরা পদকদাবিদার অ্যাথলিটদের জুতোর পরীক্ষা শুরু করেন।প্রতিযোগিতায় ইয়াসমিনার পরা জুতোর ছবি ও তথ্যাদি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের দরবারে পাঠানো হলে সেখান থেকে নিশ্চিত করা হয় যে, তাঁর ব্যবহৃত জুতোর মডেলটি বর্তমান নিয়মকানুন মেনে তৈরি নয়।

দেখুন ভিডিও

জুতোর নয়া নিয়ম

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে অ্য়াথলিটদের জুতো সংক্রান্ত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নতুন নিয়মাবলি কার্যকর হয়েছিল। কিন্তু সেই সংশোধিত সরকারি তালিকায় ইয়াসমিনার ব্যবহৃত বিশেষ জুতোর কোনও উল্লেখ পাওয়া যায়নি। এর ফলেই শীর্ষ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা তাঁর সোনা বাতিলের চরম সিদ্ধান্ত নেয়।

নতুন সোনাজয়ী চিনের ওয়াকার তানজেনকুচং

এই ঘটনার পর স্বভাবতই টুর্নামেন্টের ফলাফল একঝটকায় বদলে যায়। দ্বিতীয় স্থান দখল করা চিনের ওয়াকার তানজেনকুচংকে (Danzengquzong) নতুন সোনা বিজয়ী ঘোষণা করা হয়। রৌপ্য পদক পান চিনেরই মা লি এবং ব্রোঞ্জ ঝুলিতে পোরেন আয়োজক দেশ জাপানের ইউকিকো উমেনো। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ইতিমধ্যেই 'জুরি অব অ্যাপিল'-এর কাছে অফিশিয়াল দরখাস্ত জমা দিয়েছেন কাজাখস্তানের এই রেস ওয়াকার। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের এক পোস্টে হতাশা প্রকাশ করে ইয়াসমিনা লেখেন, "আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলাম।"

পাশাপাশি তাঁর পাশে দাঁড়ানো সমর্থকদের 'সুপারহিরো' আখ্যা দিয়ে ধন্যবাদ জানান তিনি। এদিকে অ্যাথলিটের পাশে সম্পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়েছে কাজাখস্তান অ্যাথলেটিক্স ফেডারেশন। সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আপিলের চূড়ান্ত রায় যাই আসুক না কেন, ইয়াসমিনাকে একজন খাঁটি চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হবে এবং সোনাজয়ীর সম্পূর্ণ পুরস্কার মূল্যই তাঁর হাতে তুলে দেওয়া হবে।

(The above story first appeared on LatestLY on Sep 29, 2026 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).