Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় বাড়িতে কীভাবে পূজা করবেন? তিথি এবং পূজার সেরা সময় জেনে নিন এক ক্লিকে
হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া (akshaya tritiya)। এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত। অক্ষয় তৃতীয়ায় যে কোনও শুভ কাজ শুরু করা যায়। এদিন ব্যবসার শুরু বা গৃহপ্রবেশ করলে তা সৌভাগ্য নিয়ে আসে। সোনা রূপো কেনার জন্যও অক্ষয় তৃতীয়া দিনটি শুভ হিসেবে বিবেচিত। অনেকে এদিন নতুন গাড়ি বাড়ি কিনে থাকেন।
জেনে নিন এই বছর অক্ষয় তৃতীয়ায় দিনক্ষণ
পঞ্চাঙ্গ অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ২৯ এপ্রিল বিকাল ৫ টা ৩১ মিনিটে শুরু হয়ে গেছে এবং ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিটে শেষ হবে।এমন পরিস্থিতিতে, উদয় তিথি অনুসারে আজ (৩০ এপ্রিল) অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হচ্ছে।উদয় তিথি অনুসারে, অক্ষয় তৃতীয়ার উৎসব ৩০ এপ্রিল। অক্ষয় তৃতীয়ায় সোনা ও রূপা কেনার শুভ সময় হবে ভোর ৫ টা ৪১ মিনিট থেকে দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত।
অক্ষয় তৃতীয়ার পুজোবিধি
অক্ষয় তৃতীয়ায় সব প্রথা মেনে পুজো অর্চনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী ও গণেশের আরাধনা করা হয়। জেনে নিন কী ভাবে ঘরেই অক্ষয় তৃতীয়ার পুজো করবেনঃ-
* এদিন ভোরে ঘুম থেকে উঠুন। সম্ভব হলে এদিন নদীতে স্নান করুন। যাঁরা গঙ্গায় স্নান করতে পারবেন, তাঁদের জন্য সবচেয়ে ভালো। নদীতে স্নান করা সম্ভব না হলে ঘরে ভোরবেলা স্নান সেরে নিন।
* স্নান সেরে পুজোর আয়োজন শুরু করুন। লক্ষ্মী ও গণেশের ছবি বা মূর্তি স্থাপন করুন। অনেকে এদিন লক্ষ্মী ও নারায়ণের পুজোও করে থাকেন।
* মূর্তির কপালের চন্দনের তিলক পরিয়ে দিন। এরপর গণেশ, শ্রীবিষ্ণু ও মহালক্ষ্মীর নামে মন্ত্রোচ্চারণ করুন।
* দুধ, চাল ও ছোলার ডাল দিয়ে অক্ষয় তৃতীয়ার বিশেষ পদ তৈরি করুন। এই পদ দিয়ে পুজোয় ভোগ নিবেদন করুন।
* পুজোর শেষে আরতি করুন এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ নিবেদন করুন।
অক্ষয় তৃতীয়ায় পুজো করার উপকারিতা
অক্ষয় তৃতীয়ায় বাড়িতে পুজো করলে দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো করা হয়, সেই বাড়িতে কখনও আর্থিক সংকট আসে না। ব্যবসার উন্নতির জন্যও অক্ষয় তৃতীয়ায় পুজো করা খুবই ভালো।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 09:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

