Mahakumbh Stampede 2025: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় সরব বিরোধীরা, পদত্যাগের দাবি অখিলেশের
উৎসবমুখর পরিবেশ নিমেষে বদলে গিয়েছে হাহাকারে। অমৃত স্নানের মুহূর্তে পদপিষ্টের ঘটনায় একাধিক মৃত্যুর খবর মিলছে।
নয়াদিল্লিঃ বুধ সকালে মহাকুম্ভে(Mahakumbh 2025) মহা বিপত্তি। উৎসবমুখর পরিবেশ নিমেষে বদলে গিয়েছে হাহাকারে। অমৃত স্নানের মুহূর্তে পদপিষ্টের ঘটনায় একাধিক মৃত্যুর খবর মিলছে। আর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পর্যাপ্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এদিন এক্স হ্যান্ডেলে কংগ্রেস যুবরাজ লেখেন, " মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণহানি এবং আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। শোকগ্রস্ত পরিবারগুলিকে গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী চূড়ান্ত অব্যবস্থা। শুধু তাই নয়, সাধারণ পুণ্যার্থীদের ছেড়ে ভিআইপি-দের প্রাধান্য দেওয়ার রীতিও কিছুটা দায়ী। এখনও মহাকুম্ভ চলবে, আরও মহাস্নান রয়েছে। ফের যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ব্যবস্থাপনায় সংশোধন ঘটাতে হবে রাজ্যের সরকারকে।"
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সমালোচনায় সরব বিরোধীরা
রাহুলের পাশাপাশি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লেখেন, "মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের আস্থা ফেরাতে মেলাপ্রাঙ্গনের দায়িত্ব অবিলম্বে সেনার হাতে সঁপে দেওয়া উচিত। বিশ্বমানের ব্যবস্থাপনা বলে প্রচার করা হয়েছিল বিস্তর। এই ঘটনায় সকলের সামনে আসল সত্য চলে এল। যাঁরা মিথ্যে দাবি করছিলেন, মিথ্যে প্রচার করছিলেন, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার দায় নিতে হবে তাঁদেকেই। পদত্যাগ করতে হবে।" অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে লেখেন, " অসম্পূর্ণ ব্যবস্থাপনা, ভিআইপি-দের অগ্রাধিকার দেওয়া, পর্যাপ্ত ব্যাপস্থাপনার পরিবর্তে আত্মপ্রচারে জোর দেওয়াই এই দুর্ঘটনার নেপথ্য কারণ। হাজার হাজার কোটি টাকা খরচের পরও এমন ব্যবস্থাপনা যথেষ্ট নিন্দনীয়। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।"
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 11:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

