Punjab: চোরাপথে অস্ত্র পাচার হচ্ছে পাকিস্তান থেকে, পঞ্জাবের সীমান্ত লাগোয়া এলাকা থেকে উদ্ধার পিস্তল, গ্রেফতার ৫ অভিযুক্ত
পঞ্জাবের সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার ৬টি পিস্তল ও গুলি। শুক্রবার পাঞ্জওয়ারের বাসস্টপ থেকে উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্রগুলি।
পঞ্জাবের (Punjab) সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার ৬টি পিস্তল ও গুলি। শুক্রবার পাঞ্জওয়ারের বাসস্টপ থেকে উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্রগুলি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন তারন তারান এলাকার বাসিন্দা এবং একজন অমৃতসরের। আটক হওয়া যুবকদের ইতিমধ্যে্ই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে চোরাপথে সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে পঞ্জাবের বিভিন্ন জায়গায় পাচার করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের।
উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র
জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে কাউন্টার ইন্টেলিজেন্স-অমৃতসর ও পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালায় পাঞ্জওয়ার এলাকা। সেখানের বাসস্টপে কয়েকজন সন্দেহভাজন যুবকদের আটক করে তল্লাশি অভিযান চালালে উদ্ধার হয় ৬টি পিস্তল, ৮টি গুলি এবং ৬টি ম্যাগজিন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃতরা সকলেই অস্ত্র উদ্ধার করে সেগুলি নির্দিষ্ট জায়গায় পাচার করতে যাচ্ছিল। সেই কারণেই বাসের জন্য করছিল অপেক্ষা।
অভিযুক্তদের নাম পরিচয় জানা গিয়েছে
ধৃতদের গ্রেফতার করে অস্ত্রগুলি কোথায় ও কাদের হাতে পাচার করতে চাইছিল, সেটাই জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তদের মধ্যে জগরূপ সিং, নবদীপ সিং, গুরলাল সিং, জোবান সিং তারন তারানের বাসিন্দা। একমাত্র আর্শদীপ সিং অমৃতসরের বাসিন্দা ছিল।
(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

