Old Monk Ban: মহারাষ্ট্রে ওল্ড মঙ্কের কারখানা বন্ধে ৩০০ কোটিরও বেশি রাজস্ব ক্ষতি, আদালতে জানাল নির্মাতা সংস্থা
খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই ও লেবেলিং বিতর্ক এবং তার জেরে মে মাস থেকে খোপোলি প্লান্ট বন্ধ থাকায় বড় ধরণের আর্থিক লোকসানের মুখে পড়েছে রাজ্য।
Old Monk Ban: খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই ও লেবেলিং বিতর্ক এবং তার জেরে মে মাস থেকে খোপোলি প্লান্ট বন্ধ থাকায় বড় ধরণের আর্থিক লোকসানের মুখে পড়েছে রাজ্য। অ্যালকোহল প্রস্তুতকারক সংস্থা মোহন রকি স্প্রিংওয়াটার প্রাইভেট লিমিটেড (Mohan Rocky Springwater Pvt. Ltd.) সম্প্রতি বম্বে হাই কোর্টকে জানিয়েছে যে, মহারাষ্ট্রে উৎপাদন ও বিক্রি বন্ধ থাকায় রাজ্য সরকারের আবগারি দফতর বা এক্সাইজ রেভিনিউ খাতে ৩০০ কোটিরও বেশি টাকার লোকসান হয়েছে। এফএসএসএআই (FSSAI)-এর কড়া বিধিনিষেধের জেরে প্লান্টের প্রায় ৩০০ কর্মী বর্তমানে কর্মহীন হয়ে বসে রয়েছেন।
দেশজুড়ে বিক্রি হলেও কেবল মহারাষ্ট্রেই নিষেধাজ্ঞা
বম্বের হাই কোর্টে শুনানি চলাকালীন সংস্থার আইনজীবী ভেঙ্কটেশ ধোন্ড জানান যে, অ্যালকোহল ও আবগারি কর সম্পূর্ণভাবে রাজ্য সরকারের আওতাধীন বিষয়। দেশের অন্যান্য সমস্ত রাজ্যে ওল্ড মঙ্ক নিয়মিত উৎপাদিত ও বিক্রি হলেও একমাত্র মহারাষ্ট্রেই এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজারের প্রায় ৮৮ শতাংশ শেয়ার দখল করে থাকা দেশের এই জনপ্রিয় রাম প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে যে, মহারাষ্ট্র ছাড়া অন্য কোনও রাজ্যে এই ধরনের বাধার মুখে পড়তে হয়নি।
এফএসএসএআই বনাম লেবেল বিতর্ক
খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (FSSAI)-এর ল্যাবরেটরি টেস্টে অভিযোগ ওঠে যে, ওল্ড মঙ্কে প্রাকৃতিক উপকরণের পাশাপাশি কৃত্রিম বা নেচার-আইডেন্টিক্যাল ফ্লেভার ব্যবহার করা হচ্ছে, যা স্পিরিটের আসল চরিত্রকে ঢাকছে। খাদ্য সুরক্ষা বিধি অনুযায়ী, মানসম্মত রাম বা হুইস্কির নিজস্ব স্বাদ ও গন্ধ বজায় থাকা বাধ্যতামূলক। এই বিতর্কের জেরে সংস্থার লেবেল দু'বার প্রত্যাখ্যান করে এফএসএসএআই। এর আগে প্যাকেজিং থেকে '৭ ইয়ার্স ওল্ড ব্লেন্ডেড' (7 Years Old Blended) ট্যাগ বাদ দেওয়ার সদিচ্ছা প্রকাশ করলেও, কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের কারণে সমস্যার সুরাহা হয়নি।
পরবর্তী শুনানি ২৩ অক্টোবর
বর্তমানে এই হাই-প্রোফাইল মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছে বম্বে হাই কোর্ট। অন্যন্যা পানীয় প্রস্তুতকারী সংস্থাগুলির মতো এই আইনি জট ও নিষেধাজ্ঞা কাটিয়ে ওল্ড মঙ্ক বাজারে ফের স্বমহিমায় ফিরতে পারে কি না, সেদিকেই এখন নজর রয়েছে শিল্পমহল ও নিয়মিত ক্রেতাদের।
(The above story first appeared on LatestLY on Oct 13, 2026 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

