Nipah Virus: নিপা ভাইরাসের থাবা, কেরলে ফের মৃত্যু এক যুবকের

নিপার সংক্রমণে কেরলে মৃত্যু হল আরও এক যুবকের। মৃত্যু ফের সেই মলপ্পুরমেই। শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বছর চব্বিশের যুবকের।

Nipah Virus: নিপা ভাইরাসের থাবা, কেরলে ফের মৃত্যু এক যুবকের
Photo Credits: X@airnewsalerts

কেরলে ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)। বাড়ছে প্রকোপ। গত জুলাইতেই কেরলের মলপ্পুরমে (Malappuram) নিপায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৪ বছরের এক কিশোরের। নিপার সংক্রমণে কেরলে মৃত্যু হল আরও এক যুবকের। মৃত্যু ফের সেই মলপ্পুরমেই। শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বছর চব্বিশের যুবকের। প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ নিপা সন্দেহ করা হলেও নিশ্চিত ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই মৃতের নমুনা সংগ্রহ করে কোঝিকোড় মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্টে নিপা ভাইরাস (Nipah Virus) চিহ্নিত করা গিয়েছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, যুবকের মৃত্যুর পর স্থানীয় মেডিকেল অফিসার দ্বারা পরিচালিত মৃত্যুর তদন্তে নিপা ভাইরাস সন্দেহ করা হয়। কোঝিকোড় মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষার পর তা নিশ্চিত করা হয়েছে। মৃত যুবক বেঙ্গালুরুতে পড়াশোনা করতেন। তাই মৃত্যুর আগে তাঁর বন্ধুবান্ধব, পরিবার এবং যে যে জায়গায় তিনি গিয়েছিলেন তা শনাক্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাথমিক যোগাযোগের তালিকায় ১৫১ জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের মধ্যে ৫ জনের মধ্যে জ্বরের লক্ষণ দেখা দিয়েছে।

গত জুলাইতেই কেরলের মলপ্পুরমে মৃত্যু হয়েছিল এক কিশোরের। জ্বর, মাথাব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে কোঝিকোড় হাসপাতালে ভর্তি হয়েছিল সে। কিশোরের নমুনা পরীক্ষায় নিপা ভাইরাস ধরা পড়ে। ভেন্টিলেশনে রেখেও শেষরক্ষা হয়নি। নিপা ভাইরাসে ফের মৃত্যুর খবর ছড়াতেই চাঞ্চল্য রাজ্য জুড়ে। মারণ ভাইরাস নিপার (Nipah Virus) হানা বেড়েই চলেছে দিনে দিনে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আগেই রাজ্যের হাসপাতাল গুলোতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন। যেমন, মাস্ক পরা, হাসপাতালে রোগীর সঙ্গে একজন করেই ঢুকতে পারা, হাসপাতালের বহির্বিভাগকে অন্যান্য বিভাগ থেকে আলাদা রাখা।

(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 06:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).