Weather Forecast For Bengal: বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন, আজ সোমবার রাজ্য জুড়ে কিছুটা বাড়বে তাপমাত্রা
উত্তর, উত্তর পশ্চিম বায়ু প্রবাহের শক্তি কিছুটা কমায় এবং বাতাসে জলীয়বাষ্প প্রবেশ করায় আজ থেকে আগামী দুদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস বলছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নামতে পারে। তবে তার জন্য কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জেলার সব জায়গায় কুয়াশা থাকবে না। দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেড়েছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ১ দশমিক ৪ ডিগ্রি কম। আগামীকাল থেকে দুদিন রাজ্যের সব জেলাতেই সকালের দিকটা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে একই ভাবে রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিম্নাঞ্চলেও দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের শেষভাগ অথবা ডিসেম্বরের শুরুতে দুই বঙ্গে শীত থাবা বসাতে পারে। পশ্চিমী শীতল হাওয়ার কারণে উত্তরে ও পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা কমছে। এর ফলেই পাহাড়ি এলাকাগুলিতে সকালে কুয়াশা বাড়ছে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
(The above story first appeared on LatestLY on Nov 17, 2025 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

