Hyderabad: হায়দরাবাদে সংবাদমাধ্যমের অফিসে দুষ্কৃতি হামলা, আহত অফিসের কর্মীরা, অভিযোগের আঙুল বিআরএস কর্মী সমর্থকদের বিরুদ্ধে

দিনেদুপুরে হায়দরাবাদে একটি বেসরকারি সংবাদমাধ্যমে হামলা চালাল একদল দুষ্কৃতি। শনিবার ঘটনাটি ঘটেছে জুবিলি হিলসের মতো এলাকায়।

Hyderabad: হায়দরাবাদে সংবাদমাধ্যমের অফিসে দুষ্কৃতি হামলা, আহত অফিসের কর্মীরা, অভিযোগের আঙুল বিআরএস কর্মী সমর্থকদের বিরুদ্ধে

দিনেদুপুরে হায়দরাবাদে (Hyderabad) একটি বেসরকারি সংবাদমাধ্যমে হামলা চালাল একদল দুষ্কৃতি। শনিবার ঘটনাটি ঘটেছে জুবিলি হিলসের মতো এলাকায়। মহা নিউজের অফিসের পার্কিংয়ে থাকা গাড়ির ওপর প্রথমে হামলা চালানো হয়। তারপর হামলাকারীরা অফিসের মধ্যে ঢুকে যথেচ্ছভাবে ভাঙচুর করে। সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে নষ্ট করে দেওয়া হয়। সেই সঙ্গে সংবাদকর্মীদের ওপরেও হামলা করা হয়। পাশাপাশি মহিলাকর্মীদের ওপরে হেনস্থার অভিযোগও উঠছে। আহত একাধিক কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠছে তেলেঙ্গানার রাজনৈতিক দল বিআরএস কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

কংগ্রেসের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে

জানা যাচ্ছে, দিনকয়েক আগেই ভারতীয় রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে টি রামা রাওকে নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছিল। তারপর থেকেই ওই নেতার কর্মীদের তরফ থেকে লাগাতার হুমকি আসছিল। ভাইরাল হওয়া ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, একাধিক কর্মীর হাতে বিআরএসের পতাকা রয়েছে। এবং এদের মধ্যে অনেকেই রামা রাওয়ের ঘনিষ্ঠ ছিলেন। হামলাকারীদের হাতে ছুরি, লোহার রড, পাথর ছিল বলেও জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সংবাদমাধ্যমের অফিসে যায় স্থানীয় পুলিশ। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যান। এই ঘটনাটি নিয়ে বিআরএসের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে রাজ্যের শাসক দল কংগ্রেসের নেতানেত্রীরা।

মুখে কুলুপ এঁটেছে বিআরএস নেতা

যদিও এই ঘটনা সম্পর্কে বিআরএস, এমনকী কেটিআরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। পাল্টা কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী সংবাদমাধ্যমের অফিস ঘুরে এসেছেন। পুলিশের তরফ থেকে শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজ দেখে অনেকজনকেই সনাক্ত করা হয়েছে। তাঁরা সকলেই বিআরএসের কর্মী বলে পরিচিত। গোটা ঘটনা নিয়ে হায়দরাবাদ প্রেস ক্লাবের তরফ থেকে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jun 28, 2025 09:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).