Ceasefire Violation: সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পাক সেনা আধিকারিককে হটলাইনে হুঁশিয়ারি দিল ভারত
পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর থেকেই ঘুম উড়েছে পাকিস্তানের।
পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর থেকেই ঘুম উড়েছে পাকিস্তানের। আর তারপরই সিমলা চুক্তি স্থগিত রেখেছে পড়শি দেশ। তবে এখানেও থামেনি তাঁরা। পহেলগামের ঘটনার পর আজ পর্যন্ত ষষ্ঠবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। এবার এই নিয়ে হটলাইনে পাক সেনা আধিকারিককে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা। সূত্রের খবর, হটলাইনের মাধ্যমে উস্কানিমূলক হামলা নিয়ে দুই দেশের আধিকারিকের মধ্যে কথা হয়েছে।
পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনা আধিকারিকের
প্রতিরক্ষা সূত্রের খবর, এদিন দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসদের মধ্যে হটলাইনে কথা হয়। যেখানের ভারতের পক্ষ থেকে লেফট্যানেন্ট জেনারেল রাজীব ঘাই সতর্ক করেছেন পাকিস্তানকে। এদিকে সীমান্তের পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যে সীমান্ত এলাকায় পাক সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের বেশ ভালোই জবাব দিয়েছে ভারতীয় সেনা।
Director Generals of Military Operations of India and Pakistan talked over hotline yesterday to discuss the unprovoked ceasefire violations by Pakistan. India warned Pakistan against the unprovoked violations by Pakistan Army along the Line of Control: Defence sources pic.twitter.com/gUbMkFhNSm
— ANI (@ANI) April 30, 2025
আতঙ্কে পাকিস্তান
এদিকে পহেলগামের ঘটনার পর থেকে ভারতের তরফ থেকে বড়সড় হামলা হতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান। পড়শি দেশের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তাহার মঙ্গলবার রাত ২টো নাগাদ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে তাঁদের বিরুদ্ধে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে বড়সড় হামলা চালাতে পারে ভারত। অন্যদিকে আজ রাশিয়া সফর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যা বাতিল করে দিয়েছেন তিনি। আগামী কয়েকদিন তিনি ভারতে থাকবেন বলেই জানিয়েছে প্রধানমন্ত্রী দফতর।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 06:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

