Cyclone Ditwah Updates: ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটওয়া। শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস ঘটিয়ে উত্তর-পশ্চিমে ভারতীয় উপকূলের দিকে দ্রুত এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ডিটওয়া। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ডিটওয়া-র আতঙ্কে পুদুচেরিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ। অন্ধ্র প্রদেশে বেশ কিছু জায়গায় বাতিল করা হয়েছে ট্রেন। আজ, শনিবার রাত বা রবিবার ভোরের মধ্যে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস। প্রশাসন ইতিমধ্যেই ব্যাপক সরিয়ে নেওয়া ও ত্রাণ প্রস্তুতি শুরু করেছে।
দক্ষিণ ভারত থেকে কতদূরে ঘূর্ণিঝড় ডিটওয়া
ডিটওয়া শ্রীলঙ্কার উপকূল ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। পুদুচেরি থেকে প্রায় ৩৫০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং চেন্নাই থেকে ৫৪০ কিমি দক্ষিণে। ঘণ্টায় ৭ কিমি বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। দমকা হাওয়া ঘণ্টায় ৮০-৯০ কিমি গতিতে বইছে। আজ সন্ধ্যা থেকে রবিবার ভোরের মধ্যে চেন্নাইয়ের নিকটবর্তী উত্তর তামিলনাড়ু এবং নেল্লোরের আশেপাশে দক্ষিণ অন্ধ্র উপকূলের মাঝে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়। পথে ঘণ্টায় ১০০ কিমি পর্যন্ত দমকা হাওয়ার অনুমান। থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনম, পুদুক্কট্টাই সহ উপকূলবর্তী জেলাগুলিতে আজ এবং কাল অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট। ২৪ ঘণ্টায় ২০-২৪ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ডেকে আনতে পারে।
দেখুন ভিডিও
VIDEO | Tamil Nadu: As Cyclone Ditwah approaches the coast, Nagapattinam continues to receive heavy rainfall leading to waterlogging in parts of the city.#CycloneDitwah
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/lScpG935TZ
— Press Trust of India (@PTI_News) November 29, 2025
জোরকদমে চলছে উদ্ধারকাজ
তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। পুদুচেরিতে দুইটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF) দল পৌঁছেছে, আরও চারটি দল পথে চেন্নাই ও কাডালোরের উদ্দেশে। মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন উচ্চ পর্যায়ের বৈঠক করেন। চেন্নাই বিমানবন্দরে একাধিক বিমানের দেরি ও রুট বদল। শ্রীলঙ্কাগামী পাঁচটি বিমান গতকাল তিরুবনন্তপুরমে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া যাত্রীদের সতর্কতা জারি করেছে। চেন্নাই, তামিলনাড়ু উপকূল ও দক্ষিণ অন্ধ্রে সকাল থেকেই বৃষ্টি। থুতুকুডিতে ৬ ঘণ্টায় ১৫০ মিমি বৃষ্টিপাত। আগামিকাল, রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে এবং সোমবার পর্যন্ত দক্ষিণ অন্ধ্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে IMD জানিয়েছে।