Bomb Threat: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি আবাসনে বোমাতঙ্ক, বোমা হামলার হুমকি মুখ্যমন্ত্রীর অফিসেও, তৎপর পুলিশ

এদিন ভোরে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি প্রাপ্ত সমস্ত স্থান তল্লাশির জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করেছে কেরল পুলিশ।

Bomb Threat: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি আবাসনে বোমাতঙ্ক, বোমা হামলার হুমকি মুখ্যমন্ত্রীর অফিসেও, তৎপর পুলিশ
Kerala CM Pinarayi Vijayan (Photo Credits: X)

তিরুবনন্তপুরম, ২৮ এপ্রিলঃ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) অফিস এবং তাঁর সরকারি বাসভবনে বোমাতঙ্ক। সোমবার সপ্তাহের প্রথম দিনই মুখ্যমন্ত্রীর অফিসে বোমা হামলার হুমকি। রাজধানী তিরুবনন্তপুরমে মুখ্যমন্ত্রী পিনারাইয়ের সরকারি আবাসন ক্লিফ হাউস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এদিন ভোরে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরেও (Kochi International Airport) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি প্রাপ্ত সমস্ত স্থান তল্লাশির জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করেছে কেরল পুলিশ।

গত কয়েক দিন ধরেই কেরলের বিভিন্ন স্থানে লাগাতার বোমা হামলার হুমকি আসছে। কখনও বিমানবন্দর, কখনও হোটেল। এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Kerala CM Pinarayi Vijayan) অফিস এবং তাঁর সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি এসেছে। ইমেলের মাধ্যমে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। এরপরেই তৎপর হয়েছে রাজ্য পুলিশ। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা স্বরূপ হুমকি পাওয়া সমস্ত স্থান ঘিরে ফেলা হয়েছে। খালি করা হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস, আবাসন। বিমানবন্দর খালি করে তল্লাশি চালানো হয় সমস্ত টার্মিনালে। বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে। আনা হয়েছে স্নিফার ডগ। বিস্ফোরকের সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। তবে এখন পর্যন্ত কোনও স্থানেই কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে খবর।

রবিবার কেরলের (Kerala) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এসেছিল। বিমানবন্দর খালি করে সমস্ত টার্মিনাল পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেও মেলেনি কোন সন্দেহভাজন বিস্ফোরক। ঠিক তার আগের দিন শনিবার তিরুবনন্তপুরমের একাধিক হোটেলে ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয়েছিল। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ডগ স্কোয়াড, পুলিশের দল হুমিক পাওয়া সমস্ত হোটেলে পরিদর্শন করে। তবে বিস্ফোরক কোন কিছুই পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয় যে, হুমকি ইমেলগুলো ভুয়ো ছিল।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).