বৃহস্পতিবার সকালে গ্যাস লিকের ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ওএনজিসি কেন্দ্রে। জানা যাচ্ছে, এদিন সকাল থেকে কূপ নম্বর ২১ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয়েছে ওএনজিসি-র দমকল বিভাগে। তাঁরা এসে তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘন্টাখানেকের চেষ্টায় কূপটি মেরামতি করে লিকেজ আটকায় কর্মীরা। ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ইতিমধ্যেই ওএনজিসি কর্তৃপক্ষ এই ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে কী কারণে কূপে সমস্যা দেখা দিল, তা নিয়ে এখনও কোনও সদুত্তর দিতে পারেনি ওএনজিসি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওএনজিসি এমার্জেন্সি রেসপন্স টিম

জানা যাচ্ছে, এদিন সকালে কোনসিমার মামিডিকুডুরু মন্ডলের পাসর্লাপুদি গ্রামে খননকার্য করার সময় ঘটনাটি ঘটে। গ্যাস লিক হওয়ার পরই খবর দেওয়া হয়ছিল ওএনজিসি এমার্জেন্সি রেসপন্স টিম। তাঁরা এসে তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ফলে ভয়াবহ ঘটনা কোনওভাবে এড়ানো গেছে।

দেখুন পোস্ট

আগেও গ্যাস লিকের ঘটনা ঘটেছিল

এর আগেও চলতি বছরের মার্চ মাসে গ্যাস লিকের ঘটনায় ওএনজিসির ৯ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবার সেই ধরনের ঘটনা না ঘটলেও আতঙ্কে রয়েছেন ওএনজিসি কর্মীরা।