Bigg Boss Bangla 3 Joyita Chatterjee: 'এত তাড়াতাড়ি জার্নিটা শেষ হয়ে যাবে ভাবিনি', বিগ বস থেকে বাদ পড়ে কান্না থামল না জয়িতার!
কম ভোটের কারণে শোয়ের দ্বিতীয় এলিমিনেশনে বিগ বসের ঘর থেকে চিরতরে বিদায় নিতে হলো জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর তথা অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়কে।
Bigg Boss Bangla 3 Joyita Chatterjee: উত্তেজনা আর ড্রামায় ভরপুর ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর দ্বিতীয় সপ্তাহ। রবিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেগা পর্বে ঘটে গেল মরসুমের অন্যতম বড় ধাক্কা। কম ভোটের কারণে শোয়ের দ্বিতীয় এলিমিনেশনে বিগ বসের ঘর থেকে চিরতরে বিদায় নিতে হলো জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর তথা অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়কে। প্রথম সপ্তাহে অনিন্দ্য সেনগুপ্ত বিদায় নেওয়ার পর, এই সপ্তাহে দর্শকদের সরাসরি রায়ে প্রথম বাদ পড়ার ঘটনা এটাই।
দাদার সামনেই চোখের জল জয়িতার
রবিবার রাতের পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন এলিমিনেশন রাউন্ডের শেষে জয়িতার নাম ঘোষণা করেন, তখন পুরো ঘরের পরিবেশ এক লহমায় বদলে যায়। প্রথম থেকেই প্রতিযোগিতায় যিনি সাহসের সঙ্গে টিকে ছিলেন, মাত্র দুই সপ্তাহের মাথায় তাঁকে এভাবে পাট গোটাব হবে— তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি জয়িতা।
দেখুন ভিডিও
এবার খেলা ঘুরবে কোনদিকে?#JioHotstar-এ Latest এপিসোড দেখতে ক্লিক করুন - https://t.co/Mr97HbfniY । **শর্তাবলী প্রযোজ্য |
আজ 9:30 PM । Bigg Boss বাংলা - দাদার দরবার | JioHotstar ও স্টার জলসা-এ। pic.twitter.com/rmY8GEtt4q
— Star Jalsha (@StarJalsha_) September 13, 2026
বিদায় নিয়ে কী বললেন জয়িতা
ফল ঘোষণার পরেই দাদার সামনে আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। হাউহাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। সৌরভের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বলে ওঠেন, "এত তাড়াতাড়ি আমায় চলে যেতে হবে, সত্যি বলছি দাদা, একদম ভাবতে পারিনি।" তবে চোখের জল মুছে সহ-প্রতিযোগীদের প্রতি কোনও ক্ষোভ না রেখে বেশ পজিটিভভাবেই ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। যাওয়ার আগে বিগ বসের ঘরে থাকা বোর্ডে লিখে যান, "যদি চলায়-ফেরায় কারও সঙ্গে কোনও ভুল করে থাকি, তবে সবাই ক্ষমা করে দিও। লাভ ইউ অল!"
কেন এত দ্রুত বাদ পড়লেন জয়িতা?
বিগ বসের ঘরে প্রবেশের প্রথম দিন থেকেই নিজের সোজাসাপ্টা কথা আর কিছুটা আক্রমণাত্মক মেজাজের জন্য প্রচারের আলোয় ছিলেন জয়িতা। ঘরের ভেতরে গায়ক দুর্নিবার সাহা কিংবা ফুটবলার দীপেন্দু বিশ্বাসের মতো পরিচিত মুখের সঙ্গে তাঁর একের পর এক উত্তপ্ত বচসা সোশাল মিডিয়ায় প্রচুর আলোচনার জন্ম দিয়েছিল। ঘরের বাকি সদস্যরাও, বিশেষ করে দীপেন্দু, ঝিলম ও সায়করা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে জয়িতাকেই এই সপ্তাহে ঘর ছাড়তে হবে। নেটিজেনদের একটা বড় অংশের মতে, একের পর এক বিতর্ক এবং সহ-প্রতিযোগীদের সঙ্গে ক্রমাগত দূরত্ব তৈরি হওয়ার কারণেই দর্শকদের কম ভোট পেয়েছেন তিনি।
সোশাল মিডিয়ায় ‘কর্ম’ বার্তা
বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই জয়িতার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করা হয়। সেখানে সরাসরি ‘কর্ম’ বা কর্মফলের কথা উল্লেখ করে বলা হয়, যাঁরা ঘরে তাঁর সরলতার ফায়দা তুলেছেন কিংবা অন্যায্য ব্যবহার করেছেন, তাঁদের একদিন না একদিন নিজেদের ভুলের মাশুল ঠিকই দিতে হবে। তবে জয়িতার এই বিদায়ের দিনেই দর্শকদের চমকে দিয়ে বিগ বসের দুর্গে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেতা জীতু কামাল। জয়িতার বিদায় আর জীতুর এন্ট্রি, এই দুই মিলিয়ে আগামী দিনে বিগ বসের ঘরের সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।
(The above story first appeared on LatestLY on Sep 14, 2026 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

